রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপকমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। হরতাল-অবরোধের কারণে চার দফা তারিখ পরিবর্তনের পর এবার অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করা হলো।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ থেকে ১৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত ভর্তি পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরে জানানো হবে। বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd) থেকে জানা যাবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘হরতাল-অবরোধের কারণে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় উপস্থিত হতে পারবে না। তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করে এ পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।’
প্রসঙ্গত, গত বছরের ১০ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে সময় ১৮-দলীয় জোট হরতাল দেওয়ায় তারিখ পরিবর্তন করে ৫ থেকে ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়। ১৮-দলীয় জোটের অবরোধ কর্মসূচির কারণে সেই তারিখ আবারও পরিবর্তন করে ২৫ থেকে ২৮ ডিসেম্বর করা হয়। বড়দিন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় সেই তারিখ পরিবর্তন করে আবারও ২৮ থেকে ৩১ ডিসেম্বর পরীক্ষা গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। অবরোধের কারণে সেই তারিখ পরিবর্তন করে ১০ থেকে ১৪ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল।