রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ইন্টারনেট নেই
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা এ কে ফজলুল হক হলের আবাসিক ছাত্র মাসুদ-উল-হাসানের ইন্টারনেট ব্যবহার করতে হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বা রাজশাহী শহরের বাণিজ্যিক সাইবার ক্যাফেতে গিয়ে। হলে ইন্টারনেট সংযোগ না থাকায় সাইবার ক্যাফেতে গিয়ে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে তাঁকে অতিরিক্ত সময় ও অর্থ দুটোই ব্যয় করতে হয়। এ সমস্যা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরই। হলে ইউএসবি মডেম দিয়ে কেউ কেউ ইন্টারনেট ব্যবহার করলেও তা খুবই ব্যয়বহুল। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে বাংলাদেশ টেলিকম কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) যে সংযোগ আছে, সেটিও প্রায়ই থাকে না।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আবাসিক হল রয়েছে ১১টি আর ছাত্রীদের পাঁচটি। এই ১৬টি আবাসিক হলে প্রায় ১২ হাজারের মতো শিক্ষার্থী অবস্থান করেন। সম্প্রতি চালু হওয়া ইন্টারনেট রেডিও ‘রেডিও আমার ক্যাম্পাস, রাবি’ পরিচালিত এক জরিপে দেখা গেছে, হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের মধ্যে ৩৫ শতাংশ ইন্টারনেট ব্যবহার করেন। কিন্তু হলে ইন্টারনেট ব্যবহারের সুবিধা বা সংযোগ না থাকায় তাঁদের প্রতিনিয়ত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন ভি-স্যাটের মাধ্যমে ইন্টারনেট সংযোগ বন্ধ করে বিটিসিএলের সঙ্গে ২ এমবিপিএস গতির ইন্টারনেট সংযোগের জন্য চুক্তি করে। চুক্তি অনুযায়ী বিটিসিএলের রাজশাহী সুইচিং রুম থেকে ডিজিটাল ডেটা নেটওয়ার্কের (ডিডিএন) মাধ্যমে সংযোগ নেওয়া হয়। এ জন্য প্রতি মাসে ২০ হাজার টাকা বিটিসিএলকে দিতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নেটওয়ার্ক অবকাঠামো ত্রুটিমুক্ত থাকা সত্ত্বেও প্রায়ই বিভিন্ন বিভাগ ও দপ্তরে ইন্টারনেট সংযোগ থাকে না। আর এ অবস্থায় বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের ইচ্ছা থাকলেও হলে শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট সংযোগ দেওয়ার বিষয়টি রীতিমতো কঠিন হয়ে দাঁড়িয়েছে। শহীদ হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী আকন্দ মোহাম্মদ জাহিদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে ইন্টারনেট সংযোগ দেওয়া হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ে এখনো ইন্টারনেট সংযোগ দেওয়া হয়নি। একাধিক জাতীয় দৈনিকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা জানান, হলে ইন্টারনেট সংযোগ না থাকায় তাঁদের প্রতিদিনই ক্যাম্পাসের বাইরে বা রাজশাহী শহরের বিভিন্ন সাইবার ক্যাফেতে গিয়ে পত্রিকা অফিসে প্রতিবেদন পাঠাতে হয়—যা রীতিমতো কষ্টকর। যাঁরা এখানে গবেষণা করেন, তাঁরাও ইন্টারনেট ব্যবহার করেন খুব কষ্ট করে। সার্বিক ব্যাপারে রাজশাহী বিশ্ববিদ্যালয় কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক মামুনুর রশিদ তালুকদার বলেন, ইন্টারনেটের বেহাল অবস্থার জন্য বিটিসিএলের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে অনেকবার যোগাযোগ করেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সোবহান বলেন, ক্যাম্পাসে ইন্টারনেট সেবার মান বাড়াতে বর্তমান প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ইন্টারনেট সংযোগ দেওয়ার বিষয়টিও বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন গুরুত্বের সঙ্গে ভাবছে। এ ব্যাপারে রাজশাহীতে বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলী হাবিবুর রহমান প্রামাণিক প্রথম আলোকে গতকালবুধবার রাতে বলেন, কারিগরি ত্রুটির কারণে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগে সমস্যা হচ্ছে।এখন এ ত্রুটি দূর করার চেষ্টা চলছে। —কুদরাত-ই-খুদা, রাজশাহী বিশ্ববিদ্যালয়