রাজশাহীতে আউটসোর্সিং সেমিনার অনুষ্ঠিত
‘ইন্টারনেটে বাড়িতে বসেই আয় করুন’—এ স্লোগান নিয়ে গত বুধবার রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনেটে আউটসোর্সিং বিষয়ে এক মুক্ত সেমিনার। জব অ্যাট নেট, রাজশাহী এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে আউটসোর্সিং, মুক্ত পেশা বা ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্স মার্কেটপ্লেস, ইন্টারনেটে কাজের বিভিন্ন ধরন, কাজ পাওয়ার ঠিকানা, কীভাবে ফ্রিল্যান্সার হওয়া যায়, কীভাবে এ ধরনের কাজ শুরু করা যায়, একটি প্রকল্প সম্পন্ন করার ধাপ, টাকা পাওয়ার উপায় ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান। সেমিনারের স্বাগত বক্তব্য দেন জব অ্যাট নেটের সভাপতি আনোয়ার হোসেন। বক্তৃতা করেন রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক জিয়া উদ্দিন আহমেদ, স্থানীয় কাউন্সিলর আনসার আলী, কামরুজ্জামান, প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবু বকর, মোহাম্মদ শাকিল প্রমুখ। সেমিনারে বক্তারা বলেন, আউটসোর্সিং কাজের মাধ্যমে ঘরে বসেই বিপুল পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব। পড়ালেখা শেষ করে বা পড়ালেখার পাশাপাশি যেকোনো পেশায় থেকে বা না থেকে স্বাধীনভাবে এ কাজ করা যায়। আউটসোর্সিংয়ে গ্রাফিক্স, ওয়েব ডিজাইন, অ্যানিমেশন, ভিডিও সম্পাদনা, প্রোগ্রামিং এমনকি ডেটা এন্ট্রি বা লেখালেখির মতো কাজও রয়েছে বলেও সেমিনারে বক্তারা উল্লেখ করেন। সেমিনারে আয়োজকদের পক্ষ থেকে রাজশাহীর ১১ জনকে একটি করে ল্যাপটপ কম্পিউটার পুরস্কার হিসেবে দেওয়া হয়। সেমিনারে অংশগ্রহণকারী কয়েকজন বললেন, এ ধরনের সেমিনারে আউটসোর্সিংয়ে জড়িতরা উপকৃত হবে।পাশাপাশি আগ্রহীরা কাজ শুরু করতে পারবেন। —কুদরাত-ই-খুদা, রাজশাহী বিশ্ববিদ্যালয়