রাজশাহীতে ইলেকট্রনিক তথ্য সংরক্ষণ নিয়ে আন্তর্জাতিক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) সেমিনার কক্ষে ৩ ফেব্রুয়ারি ‘আর্কাইভসের উন্নয়ন ও ইলেকট্রনিক তথ্য সংরক্ষণ’বিষয়ক দিনব্যাপী আন্তর্জাতিক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান আইবিএস, হেরিটেজ: বাংলাদেশের ইতিহাসের আর্কাইভস এবং বাংলাদেশ আর্কাইভস অ্যান্ড রেকর্ড ম্যানেজমেন্ট সোসাইটির (বিএআরএমএস) যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। হেরিটেজ আর্কাইভসের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক নূরুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন আইবিএসের পরিচালক এম মাহবুবর রহমান। সেমিনারে ইলেকট্রনিক তথ্য সংরক্ষণ-সংক্রান্ত বিভিন্ন কলা-কৌশল, দিকনির্দেশনা ও পদ্ধতি তুলে ধরা হয়। পাশাপাশি কীভাবে আর্কাইভসের উন্নয়ন ঘটানো যায়, তা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএআরএমএসের সভাপতি শরীফ উদ্দিন আহমেদ, নরওয়ের আর্কিভিস্ট টরিল টর্লেন, নেদারল্যান্ডের আর্কিভিস্ট সিগফ্রিড জানজিগ, ওই একই দেশের আর্কিভিস্ট ফ্লোরাস খেরাজ এবং আইবিএসের পরিচালক মাহবুবর রহমান। সেমিনারে বক্তারা আর্কাইভস ও ইলেকট্রনিক তথ্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, ভবিষ্যতের জন্য ইতিহাস গড়তে ও ইতিহাস সংরক্ষণে তথ্য সংগ্রহের কোনো বিকল্প নেই। তথ্য সংগ্রহের মাধ্যমে ইতিহাসকে সমৃদ্ধ করা যায় এবং ইতিহাসকে শক্তিশালীও করা যায়। আবার তথ্য সংগ্রহের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে সঠিক ইতিহাসও তুলে ধরা সম্ভব। তাঁরা বলেন, প্রত্যেক সচেতন ব্যক্তিরই নিজ নিজ অবস্থানে থেকে ভবিষ্যতের জন্য এবং ইতিহাসকে সমৃদ্ধ করার জন্য বিভিন্ন রেকর্ড, দলিলপত্রসহ বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষণ করা উচিত। দেশে ইলেকট্রনিক তথ্য সংরক্ষণ ও আর্কাইভসের উন্নয়ন ঘটাতে সরকারসহ সবার এগিয়ে আসা উচিত বলেও তাঁরা মন্তব্য করেন। আইবিএসের পিএইচডি গবেষক সাম্যসাথী ভৌমিকের উপস্থাপনায় ওই সেমিনারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক-গবেষক, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিরা অংশ নেন। —কুদরাত-ই-খুদা, রাজশাহী বিশ্ববিদ্যালয়