রাজশাহীতে কমিউনিটি রেডিওর নারী সাংবাদিকদের প্রশিক্ষণ শুরু
রাজশাহী অঞ্চলের মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগিয়ে তুলতে এবং দেশজ সংস্কৃতি তুলে ধরতে কমিউনিটি রেডিও পদ্মা ভূমিকা রাখবে। ১৮ এপ্রিল রেডিও পদ্মার নারী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এ কথা বলেন। তিনি বলেন, সবাইকে জানাতে হবে ডিজিটাল বাংলাদেশ মানে কেবল তথ্যপ্রযুক্তিনির্ভর বাংলাদেশ নয়। ডিজিটাল বাংলাদেশ মানে সুখী, সমৃদ্ধ ও দারিদ্র্যমুক্ত এবং মুক্তিযুদ্ধের চেতনায় লালিত বাংলাদেশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ্ ও রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সুবোল বোস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেন্টার ফর কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (সিসিডি) পরিচালক ও রেডিও পদ্মার প্রধান সমম্বয়কারী জি এম মুরতুজা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি এবং রেডিও পদ্মার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মশিহুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রশিক্ষণ অনুষ্ঠানের শুরুতে রেডিও পদ্মায় একটি প্রাক অনুষ্ঠান সম্প্রচার করা হয়।এফএম কমিউনিটি বেতারকেন্দ্র রেডিও পদ্মায় কাজ করতে আগ্রহী নারীদের রেডিও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে সিসিডি। জাতিসংঘের শিক্ষা, তথ্য ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর সহায়তায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে ৪০ জন নারী অংশ নিচ্ছেন। উদ্বোধনী দিনে অনুষ্ঠানের বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন মশিহুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শাতিল সিরাজ এবং জি এম মুরতুজা। ২৭ এপ্রিল প্রথম পর্বের প্রশিক্ষণ কোর্স শেষহবে।—কুদরাত-ই-খুদা, রাজশাহী বিশ্ববিদ্যালয়