রাজশাহীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজিটাল মেলায় পবা উপজেলার স্টল
ডিজিটাল মেলায় পবা উপজেলার স্টল

রাজশাহীতে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে গতকাল বুধবার থেকে তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। মেলায় রয়েছে ৪৯টি স্টল। বিকেলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য রফিকুল আলম বেগ মেলার উদ্বোধন করেন। এ সময় টেলি-কনফারেন্সে শুভেচ্ছা বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব শ্যামা প্রসাদ ব্যাপারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ্ উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবুল হায়াত ও রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ তোজাম্মেল হোসাইন।
সন্ধ্যায় মেলায় তথ্যপ্রযুক্তি কুইজ প্রতিযোগিতা, ডিজিটাল সেন্টার নিয়ে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেল নানা রকমের উদ্ভাবনী প্রকল্প। রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী রাকিব হোসেন এমন একটি বাসের মডেল তৈরি করেছে, যা পেট্রলবোমাতেও পুড়বে না। আবার কোনোভাবে বাসের ভেতরে আগুন লেগে গেলেও স্বয়ংক্রিয়ভাবে বাসের ভেতরে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে। রাজশাহীর পবা উপজেলার একটি অংশ পদ্মা নদীর ওপরে। পবা উপজেলা পরিষদের স্টলে রাখা হয়েছে নৌকা। নৌকায় বসে কীভাবে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত থাকা যায়, সে জন্য নৌকার ওপর ল্যাপটপের ব্যবহার দেখানো হচ্ছে।
রাজশাহী শিক্ষা বোর্ড তাদের স্টলে দেখাচ্ছে কীভাবে ডিজিটালপদ্ধতিতে ফরম পূরণ, পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ইত্যাদি সেবা দেওয়া হচ্ছে। মেলা শেষ হবে আগামীকাল শুক্রবার। প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত মেলার স্টলগুলো খোলা থাকবে। —আবুল কালাম মুহম্মদ আজাদ, রাজশাহী