রাজশাহীতে বিডিক্যাম্পাস নিউজ ডট কমের যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত দেশের সব বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও স্কুল-কলেজের খবর নিয়ে বিডিক্যাম্পাস নিউজ (www.bdcampusnews.com) ওয়েবসাইট সম্প্রতি চালু হয়েছে। সংবাদের পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় নানা তথ্যও পাওয়া যাবে এ সাইটটিতে। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান আনুষ্ঠানিকভাবে এই ওয়েবসাইটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান, প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, কম্পিউটার বিজ্ঞান বিভাগের সভাপতি এ কে এম আকতার হোসেন, বিডিক্যাম্পাস নিউজ ডট কমের সদস্যসহ কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।বিডিক্যাম্পাস নিউজের প্রতিষ্ঠাতা পরিচালক ও কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বি এম শরীফ জানান, ওয়েবসাইটটি ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ বাংলায়। সাইটটিতে দেশের সব স্কুল-কলেজ, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ সংবাদ পাওয়া যাবে। পাশাপাশি দেশ-বিদেশে উচ্চশিক্ষা-প্রতিষ্ঠানের সর্বশেষ ভর্তির ও বৃত্তির তথ্যও রয়েছে এখানে। এ ছাড়া শিক্ষার্থীদের মনের কথা অবাধে প্রকাশ করার সুযোগ দিতে এতে রয়েছে ক্যাম্পাস ডায়েরি (www.bdcampusnews.com/campusdiary)। এর মাধ্যমে সবাইকে মনের কোণে লুকিয়ে রাখা স্বপ্নের কথা জানানো যাবে। ক্যাম্পাস ডায়েরির অন্যতম সুবিধা হলো এতে রয়েছে ফোন ব্যাকআপ। এখানে হাজার হাজার ফোন নম্বর সংরক্ষণ করে রাখা সম্ভব, যা অন্য কেউ দেখতে পারবেন না। এতে প্রয়োজনীয় ওয়েবসাইটের ঠিকানাও সংরক্ষণ করে রাখা যাবে, এমনকি বাস কাউন্টারের মোবাইল নম্বর, গাড়ি ছাড়ার সময়সূচি প্রভৃতি। মুঠোফোন থেকে যাঁরা ইন্টারনেট ব্যবহার করেন, তাঁদের জন্য সাইটটির ঠিকানা হচ্ছে—mobile.bdcampusnews.com। এ ছাড়া বিডিক্যাম্পাস নিউজ ডট কমে থাকা অবস্থাতেই বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক সাইট, যেমন—ফেসবুক, টুইটারের বন্ধুদের সঙ্গে চ্যাট করা সম্ভব। সম্ভব স্ট্যাটাস শেয়ার করা, বিভিন্ন নোটিফিকেশন দেখতে পাওয়া যাবে। —কুদরাত-ই-খুদা, রাজশাহী বিশ্ববিদ্যালয়