রাজশাহীতে শুরু হয়েছে ডিজিটাল মেলা
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) রাজশাহী শাখার উদ্যোগে জেলা জিমনেসিয়ামে গতকাল বুধবার থেকে পাঁচ দিনের ‘বিসিএস ডিজিটাল এক্সপো রাজশাহী-২০১২’ শুরু হয়েছে। বিকেলে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান এই ডিজিটাল মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ যারা গড়বে, তাদের অনেকেই আজ এখানে উপস্থিত। আমরা স্বপ্ন দেখি, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে আমাদের সব সন্তানের হাতে ল্যাপটপ কম্পিউটার থাকবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এম ওবাইদুল্লাহ, বিসিএসের সভাপতি মো. ফয়েজউল্যাহ্ খান ও পরিচালক মোস্তাফা জব্বার। মেলায় তথ্যপ্রযুক্তির ৩৩টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রায় ২৫ হাজার বর্গফুট জায়গাজুড়ে ৩৫টি স্টল ও পাঁচটি প্যাভিলিয়নে পণ্য প্রদর্শন করা হচ্ছে। মেলায় প্রবেশের জন্য ১০ টাকার একটি টিকিটের ব্যবস্থা থাকলেও স্কুলের শিক্ষার্থীদের কোনো টিকিট লাগবে না। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা। —রাজশাহী অফিস