রাজশাহীতে সাইবার নিরাপত্তা কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিরপদ সাইবার জগৎ, এটাই হোক আজকের শপথ’ এই স্লোগানে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে সাইবার নিরাপত্তাবিষয়ক কর্মশালা। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘সাইবার নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন’ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক একটি কর্মশালার সহযোগিতায় ছিল তথ্য ও প্রযুক্তি বিভাগ। কর্মশালায় বক্তব্য দেন রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এস এম তুহিনুর আলম এবং পুলিশ সুপার আলমগীর কবির। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, শিক্ষক, সাংবাদিক এনজিও প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় সাইবার নিরাপত্তার নানা বিষয় তুলে ধরেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাইবার নিরাপত্তা কর্মসূচির উপপরিচালক আনোয়ারুল হোসেন ও ইনসাইড বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালক তানভীর হাসান।
কর্মশালায় কীভাবে ইন্টারনেটে নিরাপদে থাকা যায়, কিশোরীদের করণীয়, অভিভাবকদের করণীয়, ব্যবসায় ইন্টারনেটের নিরাপদ ব্যবহার, আইসিটি ব্যবহারের উপকারিতা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। আইসিটি ব্যবহারে সন্তানদের উপকারিতা, সাইবার নিরাপত্তা কর্মসূচির যৌক্তিকতা, বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রকল্প বাস্তবায়নের পরিলক্ষিত চিত্র, সাইবার নিরাপত্তা কর্মসূচির উদ্দেশ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন সম্পর্কিত বিধানগুলোও তুলে ধরা হয় কর্মশালায়। এতে কিশোরীদের সাবধানতার জন্য বলা হয়, কখনোই অপরিচিত ব্যক্তিকে ব্যক্তিগত তথ্য ও ছবি দেওয়া যাবে না, সন্দেহজনক ওয়েব পেইজ, ই-মেইল বা ফাইল খোলা যাবে না, এমন হলে অভিজ্ঞ কারও সঙ্গে পরামর্শ করতে হবে, অনলাইনে পরিচিত এমন কেউ দেখা করতে চাইলে অভিভাবককে জানতে হবে। অভিভাবকদের উদ্দেশে বলা হয়, সন্তানদের সঙ্গে ইন্টারনেটের ভালো-মন্দ দিক নিয়ে আলোচনা করতে হবে, অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে, সন্তানদের অনলাইন বন্ধুমহলকে জানতে পেরেন্টাল কন্ট্রোল কৌশল ব্যবহার করতে হবে। প্রয়োজনে আইনি সহায়তা নিতে দ্বিধা না করতে বলা হয়। এ ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের দৃষ্টিতে অপরাধ ও শাস্তি নিয়ে প্রাথমিক আলোচনা করা হয়। —রাজশাহী অফিস