রাজশাহীতে হবে হাইটেক পার্ক
রাজশাহীতে উচ্চপ্রযুক্তি শিল্পের বিকাশ, হাইটেক পার্ক, আইটি ভিলেজ তথা সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের লক্ষ্যে গত রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘হাইটেক পার্ক স্থাপন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী বলেন, দেশের মেধা যেভাবে বাইরে পাচার হয়ে যাচ্ছে, তাতে তাদের ধরে রাখতে হলে এ ধরনের উপযুক্ত শিল্পপ্রতিষ্ঠান তৈরি করতে হবে। তিনি বলেন, ‘উন্নত প্রযুক্তি ছাড়া উন্নত দেশের সঙ্গে সমানতালে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এটি বাস্তবায়ন করা আমাদের স্বপ্ন ছিল। আজ তা বাস্তবে পরিণত হচ্ছে।’ রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুশান্ত কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক আ ন ম বজলুর রশীদ। মূল প্রবন্ধ পড়েন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক সাব্বির আহম্মেদ ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আরাফাত হোসেন। সেমিনারে পার্কের ধারণা, উদ্দেশ্য, বাংলাদেশের প্রেক্ষাপটে এর লক্ষ্য, বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, উপকারিতা, চ্যালেঞ্জ ও কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই পার্ক যে লক্ষ্য অর্জন করবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার, কম্পিউটার সফটওয়্যার, কমিউনিকেশন হার্ডওয়্যার, কমিউনিকেশন সফটওয়্যার, আইটিভিত্তিক সেবা, ডিজাইন অ্যান্ড কনসালটেন্সি, পণ্যের উৎপাদন ও সমাবেশ ঘটানো, ইলেকট্রনিক সামগ্রীর নকশা তৈরি ইত্যাদি। রাজশাহীর হাইটেক পার্ক থেকে উন্নততর জীবন ও কর্মপরিবেশ, রাজধানীর সঙ্গে ভালো যোগাযোগ ব্যবস্থা তৈরি, শক্তিশালী তথ্যপ্রবাহের সূত্র তৈরির আশা প্রকাশ করা হয়। —নিজস্ব প্রতিবেদক, রাজশাহী