রাজশাহীর পবা উপজেলার ওয়েবসাইট চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলাবাসীর দোরগোড়ায় জনসেবা পৌঁছে দিতে গতকাল মঙ্গলবার উপজেলার ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। উপজেলা পর্যায়ে অনলাইনে সেবা দেওয়ার উদ্যোগ দেশে এটিই প্রথম। এই সাইটের ঠিকানা হচ্ছে www.unopaba.gov.bd। রাজশাহীর জেলা প্রশাসক মোহাম্মদ দিলোয়ার বখ্ত এর উদ্বোধন করেন। প্রাথমিকভাবে এই ওয়েবসাইটে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা ও যেকোনো অভিযোগ বিষয়ে এখান থেকে অনলাইন সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, ম্যাট-২ কোর্সে অংশগ্রহণকারী সরকারের পাঁচজন উপসচিবের সমন্বয়ে গঠিত একটি দলের তত্ত্বাবধানে এই সেবা প্রদান কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর আওতায় সংশ্লিষ্ট ব্যক্তিরা অনলাইনে দরখাস্ত করতে পারবেন এবং অনলাইনে দরখাস্তের অগ্রগতির বিষয়ে জানতে পারবেন। উপজেলার আটটি ইউনিয়নে অবস্থিত ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের মাধ্যমে প্রত্যন্ত গ্রামবাসীও এই সেবা নিতে পারবেন। এই কার্যক্রমটি পর্যালোচনা করে পরবর্তী সময়ে অন্যান্য সেবাও অনলাইনে প্রদানের ব্যবস্থা করা হবে। এ উপলক্ষে গতকাল বিকেল চারটায় পবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সেলিম মাহমুদুল হাসানের সভাপতিত্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। —নিজস্ব প্রতিবেদক, রাজশাহী