রাজশাহীর মেলা আজ শেষ হচ্ছে
রাজশাহীতে তিন দিনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মেলা আজ শনিবার শেষ হচ্ছে। বিশ্বখ্যাত কম্পিউটার প্রযুক্তি প্রস্তুতকারক প্রতিষ্ঠানসহ বিভিন্ন কোম্পানির সম্মিলিত অংশগ্রহণে এই মেলা জমে উঠেছে।গত বৃহস্পতিবার দুপুর ১২টায় এই মেলার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র সরিফুল ইসলাম। অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক শহীদ-উজ-জামান, স্থানীয় দৈনিক সোনালী সংবাদ-এর সম্পাদক লিয়াকত আলীসহ অনেকে।ইনপেস ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড এই মেলার আয়োজন করেছে। রাজশাহী মহানগরের উত্তরা কমিউনিটি সেন্টারে আয়োজিত মেলায় ২০টিরও বেশি প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলার পৃষ্ঠপোষক এইচপি ইমেজিং অ্যান্ড প্রিন্টিং গ্রুপ ও ইন্টেল করপোরেশন।আয়োজক সূত্র জানায়, রাজশাহীর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ জনসাধারণকে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে আরও বিস্তারিত ধারণা দেওয়া এবং সর্বাধুনিক প্রযুক্তি তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে মেলায় বিভিন্ন কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে। তা ছাড়া সর্বাধুনিক সব প্রযুক্তি এবং সব ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার সরবরাহে রাজশাহী যে এখন স্বয়ংসম্পূর্ণ, তা জানানোও এই মেলা আয়োজনের আরেকটি মূল উদ্দেশ্য।মেলায় আয়োজন করা নানা রকম কুইজ প্রতিযোগিতা, সেই সঙ্গে উপহার ও বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থা রয়েছে। মেলায় কম্পিউটার সোর্স বিভিন্ন প্রযুক্তি পণ্যে বিশেষ ছাড় দিচ্ছে। —নিজস্ব প্রতিবেদক, রাজশাহী