রাজশাহীর ৬৭ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ডিজিটালপ্রোফাইল
রাজশাহী বিভাগের ৬৭টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রযুক্তিনির্ভর শিক্ষার্থী প্রোফাইল চালু হলো। গতকাল মঙ্গলবার রাজশাহী প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন এর উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা রয়েছে, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ করা হবে। বিদ্যালয়গুলোতে সবাই বিশেষ সফটওয়্যার ব্যবহার করে শিক্ষার্থীদের যাবতীয় তথ্য বা স্টুডেন্ট প্রোফাইল সংরক্ষণ করতে পারবে। এর লক্ষ্য হচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শতভাগ ভর্তি নিশ্চিত করা এবং শিক্ষার মান বড়ানো।অনুষ্ঠানে ৬৭টি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।রাজশাহীর বিভাগীয় কমিশনার আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বাবলু কুমার সাহা, পরিচালক (প্রশাসন) আবদুর রউফ চৌধুরী, রাজশাহী বিভাগীয় উপপরিচালক মনজুর কাদির, রাজশাহী বিভাগের আটটি জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ৬৭টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতিরা।প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের তথ্য কম্পিউটারে সংরক্ষণ এবং সেটা ব্যবহারের জন্য ‘ম্যানেজিং অ্যাট দ্য টপ (ম্যাট)-২’ প্রকল্পের আওতায় তৈরি করা হয়েছে ইন্ট্রোডিউসিং আইটি বেসড স্টুডেন্ট প্রোফাইল নামের সফটওয়্যার।৬৭টি বিদ্যালয়ে গতকাল এই সফটওয়্যার দেওয়া হয়।—আবুল কালাম মুহম্মদ আজাদ, রাজশাহী