রাধাকান্তপুরে কম্পিউটার সাক্ষরতা মেলা
নাটোরের লালপুর উপজেলার রাধাকান্তপুর গ্রামে ছয় দিনব্যাপী কম্পিউটার সাক্ষরতা মেলা গত বৃহস্পতিবার শেষ হয়েছে। রাধাকান্তপুর উচ্চবিদ্যালয় এবং ব্র্যাক গণকেন্দ্র পাঠাগারের উদ্যোগে ১৫ ডিসেম্বর থেকে এ মেলার আয়োজন করা হয়। মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তানবিরুল আলম, লালপুর উপজেলার চেয়ারম্যান আবদুর রাজ্জাক, ব্র্যাকের প্রধান কার্যালয়ের কর্মসূচি ব্যবস্থাপক নীল রতন হালদার, রাজশাহী শিক্ষা বোর্ডের কম্পিউটার প্রোগ্রামার সিরাজুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জামাল উদ্দিনসহ অনেকে। অনুষ্ঠানের বক্তারা কম্পিউটার শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। এ মেলায় রাধাকান্তপুর উচ্চবিদ্যালয়সহ পাশের প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে-কলমে কম্পিউটার চালানোর প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। তারা এখন কম্পিউটার চালু করে ন্যূনতম একটি ফাইল খোলা, কিছু লেখা ও ইন্টারনেট ব্রাউজিং করতে পারছে। তারা মাধ্যমিক স্তরের ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়গুলো অনলাইনে দেখতে ও ডাউনলোড করা শিখেছে। অনুষ্ঠানের অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন। বিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান, সালেহা, হাসিবুর, তানিয়া, অন্তরা, জ্যামি, সীমা ও অপু উদ্দিনসহ মেলার স্টলের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা অতিথিদের কম্পিউটারে কাজ করে দেখায়। কেউ ফাইল খুলে দেখায়, কেউ ইন্টারনেট ব্রাউজিং করে দেখায়, কেউ হার্ডওয়্যার সম্পর্কে তার প্রাথমিক ধারণার কথা বলে। —নিজস্ব প্রতিবেদক, রাজশাহী