রান বাংলাদেশ অ্যাপ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৬ জানুয়ারি বান্দরবানে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক স্কাই ম্যারাথন। এর অংশ হিসেবে তৈরি করা হয়েছে ‘রান বাংলাদেশ’ নামের একটি মোবাইল অ্যাপ। এ অ্যাপের সাহায্যে বান্দরবানে আন্তর্জাতিক স্কাই ম্যারাথনে যাঁরা অংশ নেবেন, তাঁরা নির্দিষ্ট গন্তব্যে সহজেই যেতে পারবেন। গতকাল শনিবার ঢাকায় বিআইজেএফ কার্যালয়ে অ্যাপটি চালুর ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আকতারুজ্জামান খান বলেন, আগামী বছর বাংলাদেশে পর্যটন বছর হিসেবে পালন করা হবে। ম্যারাথনকে সামনে রেখে যে অ্যাপটি চালু হচ্ছে, তাতে শুধু গন্তব্যের তথ্যই নয়, থাকছে বান্দরবানের দর্শনীয় ট্যুরিস্ট এলাকাগুলোর বর্ণনা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার ও এভারেস্ট একাডেমির প্রতিষ্ঠাতা এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম। পুরো অ্যাপটির বর্ণনা তুলে ধরেন অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান গ্রিন কোডারের পরিচালক পারভেজ রশিদ এবং দলনেতা রাশেদুজ্জামান।
বান্দরবানে আন্তর্জাতিক স্কাই ম্যারাথনটি শুরু হবে বান্দরবান-রুমা সড়কের ওয়াই জংশনের নিকটবর্তী স্থান থেকে। এরপর ২১ দশমিক ১ কিলোমিটার পথ দৌড়ে অংশগ্রহণকারীরা বান্দরবান স্টেডিয়ামে এসে হাফ ম্যারাথন শেষ করবেন। রান বাংলাদেশ অ্যাপটি কতটুকু দূরত্ব পার হলো, গন্তব্য কত দূরে আছে, রানারের কতটুকু শক্তি ব্যয় হলো, দৌড়ের গতি কত, সর্বোচ্চ বা সর্বনিম্ন গতি কত ইত্যাদি তথ্য পাওয়া যাবে। অ্যাপটি ডাউনলোডের ঠিকানা: http://bit.ly/1lVKZhB