রানি দ্বিতীয় এলিজাবেথের প্রথম টুইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুক্রবার লন্ডনে এক প্রদর্শনীতে রানি দ্বিতীয় এলিজাবেথ প্রথম টুইট ছাড়েন। পেছনের বড় পর্দায় রানির দেওয়া টুইটটি দেখা ​যাচ্ছে—এএফপি
শুক্রবার লন্ডনে এক প্রদর্শনীতে রানি দ্বিতীয় এলিজাবেথ প্রথম টুইট ছাড়েন। পেছনের বড় পর্দায় রানির দেওয়া টুইটটি দেখা ​যাচ্ছে—এএফপি

‘আজ ইনফরমেশন এজ এক্সিবিশনের উদ্বোধন করে আমি খুবই আনন্দিত এবং আমি আশা করছি, জনগণ এই প্রদর্শনী উপভোগ করবে। এলিজাবেথ আর।’
ওপরের কথাগুলো ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রথম টুইট। ব্রিটিশ রাজপরিবারের আনুষ্ঠানিক টুইটার অ্যাকাউন্ট @BritishMonarchy থেকে রানি তাঁর প্রথম বার্তাটি (টুইট) প্রকাশ করেছেন। এই টুইটার অ্যাকাউন্টটি অনেক আগে খোলা হলেও রানি এর আগে কখনো টুইট করেননি। শুক্রবার সকালে লন্ডনের সায়েন্স মিউজিয়ামে ইনফরমেশন এজ এক্সিবিশন নামের এক প্রদর্শনীর উদ্বোধন করার পর তিনি এই টুইট পোস্ট করেন। টুইট লেখার পর রানি নিচে লেখেন এলিজাবেথ আর। এই আর বর্ণটি হচ্ছে লাতিন শব্দ ‘রেজিনা’র আদ্যাক্ষর। ‘রেজিনা’র মানে হচ্ছে রানি।

প্রায় তিন বছর ধরে পরিকল্পনার পর সায়েন্স মিউজিয়াম এই প্রদর্শনীর আয়োজন করে। এ জন্য খোলা হয়েছে ইনফরমেশন এজ নামের নতুন গ্যালারি। প্রদর্শনীতে দর্শনার্থীরা ঐতিহাসিক নানা নিদর্শনের পাশাপাশি বর্তমান যুগের যোগাযোগের নানা মাধ্যম যেমন টেলিগ্রাফ থেকে স্মার্টফোন পর্যন্ত সবই দেখতে পাবে। এই গ্যালারিতে স্থান পেয়েছে প্রথম ট্রান্স-আটলান্টিক টেলিগ্রাফের তার, যা কিনা ইউরোপ ও উত্তর আমেরিকাকে সংযুক্ত করেছিল। আছে ১৯২২ সালে বিবিবির প্রথম রেডিও প্রোগ্রাম সম্প্রচারের যন্ত্রপাতি। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক স্যার টিম বার্নার্স লির নেক্সট কম্পিউটারও এখানে আছে। এই কম্পিউটারেই প্রথম ওয়েবসাইটটি রাখা (হোস্ট করা) হয়েছিল।

গ্যালারির প্রধান কিউরেটর টিলি ব্লাইথ আশা করছেন, ডিজিটাল বিপ্লব কীভাবে ঘটেছে তা জানতে যারা আগ্রহী, এই গ্যালারি তাদের আগ্রহ মেটাবে। —বিবিসি ও এবিসি নিউজ অবলম্বনে রোকেয়া রহমান