রানির সংগ্রহে যুক্ত হচ্ছে ট্যাবলেট
যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁর রাজকীয় সংগ্রহে একটি ট্যাবলেট কম্পিউটার যুক্ত করতে যাচ্ছেন। এটি হচ্ছে স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ১০.১। এতে রানির গত ৬০ বছরের শাসনামলের ছবি, দলিলপত্র ও ভিডিও রয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন সময়ে সংঘটিত যুক্তরাজ্যের দাঙ্গা এবং প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ের ভিডিও এবং ছবি। এতে এ পর্যন্ত ১৫০ গিগাবাইট তথ্য, ছবি ও ভিডিও রাখা হয়েছে। দক্ষিণ আফ্রিকার দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াস ও রানি এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারিসহ ৬৬টি দেশের ৩৭ হাজারের বেশি মানুষের কাছ থেকে এসব ছবি, ভিডিও ও তথ্য সংগ্রহ করা হয়েছে। তাঁরা একটি ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যমে এসব ছবি, ভিডিও ও তথ্য পাঠিয়েছেন। এর মধ্যে ২০০ জনের বেশি প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের ছবি ও ভিডিও পাঠিয়েছেন। দ্য রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটি অ্যান্ড দ্য রয়্যাল লাইব্রেরির মহাপরিচালকসহ বিচারকদের একটি প্যানেল এসব তথ্য, ছবি ও ভিডিও যাচাই-বাছাই করেছেন। এই সংগ্রহকে ‘ডায়মন্ড কালেকশন’ বলা হচ্ছে। উদ্যোক্তারা জানিয়েছেন, পর্যায়ক্রমে মোট ৮০ হাজার ছবি, তথ্য ও ভিডিও এই ট্যাবলেট কম্পিউটারে দেওয়া হবে। রাজকীয় সংগ্রহের অংশ হিসেবে এই ট্যাবলেট কম্পিউটার উইন্ডসর ক্যাসেলে সংরক্ষিত থাকবে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান