রামপালে আজ থেকে জ্ঞানমেলা
বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামে আজ শুরু হচ্ছে দুই দিনের জ্ঞানমেলা। আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প পঞ্চমবারের মতো এ মেলার আয়োজন করছে। প্রতিবারের মতো এবারও এ মেলা হবে শ্রীফলতলা উচ্চবিদ্যালয় মাঠে। গতকাল মঙ্গলবার মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মাঠের বড় একটা অংশে কাপড়ের ঘের দিয়ে স্টল তৈরি করা হচ্ছে। এসব স্টলে স্থানীয় স্কুল-কলেজ তথ্যপ্রযুক্তির বিভিন্ন কার্যক্রম দেখাবে। পাশাপাশি একাধিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ও এনজিওর স্টল থাকছে মেলায়। মেলায় গণিত, ওয়েবসাইট তৈরির প্রতিযোগিতাসহ নানান ধরনের আয়োজন থাকছে। জলবায়ু পরিবর্তন রোধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) নিয়ে সেমিনার, অনলাইন পরীক্ষা পদ্ধতি ও তথ্যসেবা নিয়ে কর্মশালাও থাকছে বলে জানান মেলা কমিটির গুগ্ম আহ্বায়ক শেখ আবদুল জলিল ও সদস্যসচিব মো. রেজাউল করিম। তাঁরা আরও বলেন, জারিগান, পটগান, পুঁথিপাঠ, লাঠিখেলা ইত্যাদি সাংস্কৃতিক আয়োজন থাকবে। মেলায় বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্ক (বিটিএন) তৃণমূল পর্যায়ে তথ্যসেবার নানা নমুনা প্রদর্শন করবে।আমাদের গ্রামের পরিচালক রেজা সেলিম জানান, এবার মেলার মূল বিষয় স্থানীয় জ্ঞান ও তথ্যপ্রযুক্তি। তাই মাদুর বোনা, মৃত্পাত্র তৈরি ইত্যাদি বিষয় প্রদর্শন করা হবে। জ্ঞানমেলায় স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী ও শিক্ষকেরা এবং গ্রামবাসী কীভাবে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে উপকৃত হচ্ছে, তা বোঝা যায়। এবারও জ্ঞানমেলায় তাদের অংশগ্রহণ থাকছে। আজ সকাল সাড়ে ১০টায় মেলার উদ্বোধন করা হবে। এ মেলা শেষ হবে আগামীকাল। —নিজস্ব প্রতিবেদক