রামপালে উৎসবমুখর জ্ঞানমেলা
বাদ্য-বাজনা, মাইকের গান শোনা যায় বেশ দূর থেকেই। আরও কাছে গেলে ভেসে আসে হাজারও মানুষের কলরব। আর চোখে দৃশ্যমান হয় উৎসবমুখর এক আয়োজন। মাঠের একদিকে মঞ্চ, সেখানে চলছে নানান অনুষ্ঠান। আরেক দিকে নাগরদোলা, মাঝখানে লাঠি খেলা। মাঠের তিন দিকজুড়ে বিভিন্ন স্টল। গ্রামের মানুষ তো বটেই, বাইরে থেকে আসা মানুষের ভিড়ে জমজমাট শ্রীফলতলা পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠ।বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলার এই মাঠে উৎসবের পরিবেশেই শুরু হয়েছে জ্ঞানমেলা। গতকাল শনিবার থেকে শুরু হওয়া এই মেলার আয়োজন আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প। মেলায় আনন্দ উৎসবের সব উপাদানের সঙ্গে যোগ হয়েছে তথ্যপ্রযুক্তি। গ্রামে প্রযুক্তির বহুমুখী ব্যবহার তুলে ধরা হয়েছে দুই দিনের এ মেলায়। এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সাংসদ হাবিবুন নাহার। তিনি এ সময় বিজ্ঞানভীতি দূর করতে শিক্ষক, বিশেষজ্ঞসহ সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশে কানাডার হাইকমিশনার রবার্ট ম্যাকডুগাল বলেন, তথ্যপ্রযুক্তি দারিদ্র্য দূর করার বড় হাতিয়ার। গ্রাম পর্যায়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো উচিত বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ও আমাদের গ্রাম পরিচালনা পর্ষদের সভাপতি মাহমুদুল হক, মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ফিরোজ মাহমুদ, রামপালের উপজেলা চেয়ারম্যান মোল্লা আবদুর রউফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন, ওহাইও স্টেট ইউনিভার্সিটির রিসার্চ ফেলো হিদার রবার্তোসহ অনেকেই বক্তব্য দেন। আমাদের গ্রামের পরিচালক রেজা সেলিম জানান, এ মেলায় আগত অতিথিরা গ্রামের অনেক স্থানীয় জ্ঞান সম্পর্কে জানতে পারেন। এ মেলা আশপাশের অনেক গ্রামের মানুষের কাছে উৎসবে পরিণত হয়েছে। এবারের জ্ঞানমেলায় শ্রীফলতলা পাইলট উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. নূরুল হককে সম্মাননা জানানো হয় এবং রামপালের সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আবদুল জলিলকে সেরা জ্ঞানকর্মীর পুরস্কার দেওয়া হয়। উদ্বোধনের আগে রূপান্তরের শিল্পীদের পরিবেশনায় বাংলাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে ঐতিহ্যবাহী পটগান দেখানো হয়। দুই দিনের বেশ কিছু স্টল তথ্যপ্রযুক্তি প্রকল্প দেখাচ্ছে। মেলায় অংশ নিচ্ছে, ফিউচার সলিউশন বিজনেস, আমাদের গ্রাম, আমাদের গ্রাম ব্রেস্ট কেয়ার ই-হেলথ প্রকল্প, সিএসপি, কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ, সনৎ ইলেকট্রনিকস, নবলোক, পাদুকা শিল্প, অমিত হ্যান্ডিক্র্যাফট, ডাকরা মাধ্যমিক বিদ্যালয়, শ্রীফলতলা পাইলট উচ্চবিদ্যালয়, গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়, বাইনতলা মাধ্যমিক বিদ্যালয়, পেরিখালী পিইউ মাধ্যমিক বিদ্যালয়, সন্ধানী ব্লাড ডোনার ক্লাব, খুলনা ইত্যাদি প্রতিষ্ঠান।দুপুরে গ্রামীণ জীবনে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিয়ে একটি সেমিনার হয়েছে। এতে মূল আলোচনা করেন উইন ইনকরপোটের প্রধান নির্বাহী কর্মকর্তা কাশফিয়া আহমেদ। সন্ধ্যায় মৃদুল চৌধুরীর ভিডিওচিত্র দেশান্তরী দেখানো হয়। আজ মেলায় দাবা, ক্যারম, বিতর্ক, গণিত ইত্যাদি প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। —ভ্রাম্যমাণ প্রতিবেদক