রাশিয়া সিরিয়াকে রক্ষা করেছে রাজনৈতিকভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়া তার রাসায়নিক অস্ত্রের মজুত ধ্বংসের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হস্তান্তরে রাজি হওয়ায় আপাতত মার্কিন সামরিক হামলা এড়ানো গেছে। সার্বিক পরিস্থিতি নিয়ে মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের সঙ্গে কথা বলেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তার উল্লেখযোগ্য অংশ:

বাশার আল-আসাদ
বাশার আল-আসাদ

প্রশ্ন: সিরিয়া গণবিধ্বংসী অস্ত্র রোধ চুক্তিতে সেই করেছে। এখন কেন এই চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হলেন?
বাশার: এই চুক্তি স্বাক্ষর করতে আমরা এখন রাজি হয়েছি, বিষয়টি তা নয়। ১০ বছর আগে ২০০৩ সালে সিরিয়া যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ছিল, তখনই মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করতে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদে প্রস্তাব তুলেছিলাম আমরা। যুক্তরাষ্ট্রই সেই প্রস্তাবের বিরোধিতা করেছিল। আমরা সব সময়ই এই অঞ্চলকে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত রাখতে চাই।
প্রশ্ন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, আপনি মিথ্যা কথা বলেছেন। এর আগে সিরিয়ার কাছে রাসায়নিক অস্ত্র থাকার কথা অস্বীকার করেছিলেন আপনি।
বাশার: ওবামা ও কেরির বক্তব্য সূত্রে বলতে চাই, রাসায়নিক অস্ত্র থাকা না-থাকার বিষয়ে আমরা কখনো ‘না’ বলিনি। আসলে আমরা কখনোই সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ কোনোটাই বলিনি। রাসায়নিক অস্ত্রের বিষয়ে কথা বলার সময় আমরা সব সময় ‘যদি’ শব্দটি ব্যবহার করেছি। ‘যদি’ হলো আমাদের কাছে রাসায়নিক অস্ত্র থাকতেও পারে, না-ও পারে।
প্রশ্ন: কেউ কেউ এ চুক্তিতে যোগ দেওয়াকে সন্দেহের চোখে দেখছে। একে আপনার কৌশল বলে মনে করছে।
বাশার: কোনো চুক্তিতে সই করলে আপনাকে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সেই চুক্তি মেনে চলতে হবে। সিরিয়া চুক্তি করেছে কিন্তু তা মেনে চলেনি, এমন নজির নেই।

প্রশ্ন: আন্তর্জাতিক পর্যবেক্ষক দলকে রাসায়নিক অস্ত্রের স্থাপনা পরিদর্শন করতে দিতে আপনি প্রস্তুত?

বাশার: আমরা এই চুক্তি আংশিকভাবে নয়, পুরোপুরি মেনে চলব। চুক্তি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্টদের কাছে চিঠি ও নথিপত্র পাঠিয়েছি।

প্রশ্ন: রাসায়নিক অস্ত্রগুলো কি দ্রুত ধ্বংস করতে পারবেন? না পারলে কেন পারবেন না বলে মনে করছেন?

বাশার: রাসায়নিক অস্ত্র ধ্বংস করা প্রযুক্তিগতভাবে বেশ জটিল কাজ। এ জন্য অনেক অর্থেরও প্রয়োজন। সিরিয়ার অস্ত্রগুলো ধ্বংস করতে ১০০ কোটি ডলার প্রয়োজন হতে পারে। সেটি একটি বিষয়। আর আমরা বিশেষজ্ঞ নই। বিশেষজ্ঞরাই এ ব্যাপারে ভালো বলতে পারবেন।

প্রশ্ন: রাশিয়ার সঙ্গে কি সিরিয়ার নিরাপত্তা চুক্তি রয়েছে? আপনি জানেন যে রাসায়নিক অস্ত্র ত্যাগ করার পর কোনো কোনো দেশ হামলার শিকার হয়েছে।

বাশার: এখানে রাশিয়ার ভূমিকা মূলত রাজনৈতিক। তারা দক্ষতার সঙ্গে সেই ভূমিকা পালন করেছে। গত আড়াই বছরে নিরাপত্তা পরিষদে তিনবার সিরিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাবে ভেটো দিয়েছে দেশটি। তারা মূলত সিরিয়াকে রাজনৈতিকভাবে রক্ষা করেছে।

প্রশ্ন: জাতিসংঘের বিশেষজ্ঞ দলের তদন্তে সিরিয়ায় রাসায়নিক হামলায় সারিন গ্যাস ব্যবহূত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। যেসব অস্ত্র ব্যবহার করে রাসায়নিক হামলা চালানো হয়েছে, সেগুলো সরকারি বাহিনী ব্যবহার করে থাকে। এ ব্যাপারে আপনি কী বলবেন?

বাশার: সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে এ অভিযোগ বাস্তবসম্মত নয়। প্রথমত, আপনি নিশ্চয়ই আপনার সেনাদলকে ঘটনাস্থলের কাছে রেখেই রাসায়নিক অস্ত্র ব্যবহার করবেন না? তাতে আপনার সেনাবাহিনীও আক্রান্ত হবে। দ্বিতীয়ত, আমরা যখন পর পর কয়েকটি স্থানে বিদ্রোহীদের পরাজিত করেছি, সার্বিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আসছে, তখন এ ধরনের অস্ত্র ব্যবহার করব কেন? তৃতীয়ত, গত বছর যখন আমরা সবচেয়ে খারাপ অবস্থায় ছিলাম, তখনো এই অস্ত্র ব্যবহার করিনি।

প্রশ্ন: সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনা করবেন?

বাশার: বিরোধীদের সঙ্গে অবশ্যই আলোচনা করব। কিন্তু সন্ত্রাসীদের সঙ্গে নয়। এটা আমি আড়াই বছর ধরেই বলে আসছি।

ভাষান্তর: মাহফুজার রহমান