রাশিয়ার রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার শিক্ষা সফরে অন্যদের সঙ্গে বাংলাদেশের দুই শিক্ষার্থী। ছবি: সংগ্রহ
রাশিয়ার শিক্ষা সফরে অন্যদের সঙ্গে বাংলাদেশের দুই শিক্ষার্থী। ছবি: সংগ্রহ

জুলাইয়ের ২১ থেকে ২৯ তারিখ রাশিয়ায় অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল ইয়ুথ ফোরাম সেলিগার। বাংলাদেশ থেকে এ বছর এই সম্মেলনে যোগ দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুজহাত কোবরা ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি মাহ্মুদুল হাসান। আমাদের যাত্রাপথ ছিল মস্কো হয়ে সেলিগার। মস্কো থেকে সেলিগার ৪৫০ কিলোমিটারের পথ। সেলিগারে মানুষের বসতি খুবই কম। ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। ছোট ছোট হ্রদ মিলিত হয়ে বনাঞ্চলকে ঘিরে রেখেছে। এ রকম এক বনের মধ্যে বসানো হয়েছে সম্মেলনের ক্যাম্প। ১৩২টি দেশের তরুণ ও শিক্ষার্থীরা সেলিগারের ক্যাম্পের তাঁবুগুলোতে আট দিন ধরে অবস্থান করছিল।তরুণদের মধ্যে নেতৃত্ব বিকাশে ছিল বিভিন্ন ইন্টার-অ্যাকটিভ কর্মসূচি। নুজহাতের মতে, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশই ছিল এই যুব ফোরামের মূল লক্ষ্য। আয়োজনের পঞ্চম দিন ছিল ‘গ্লোবাল ভিলেজ’। এদিন প্রত্যেক দেশের প্রতিনিধিরা বসেছিলেন তাঁদের দেশের ঐতিহ্যবাহী খাবার, পোশাক ও নিদর্শন নিয়ে। আমরাও অংশ নিয়েছিলাম সেই আয়োজনে। পুরো এলাকাটা কয়েক ঘণ্টার জন্য হয়ে উঠেছিল ‘এক টুকরো বিশ্ব’। বনের মধ্যে বাইসাইকেলিং, বিচ ভলিবল, টেনিস, ডাম্পিং, লেক রায়টিং, ফুটবলসহ নাম না জানা অসংখ্য রুশ খেলা। আট দিনের অতুলনীয় সময়ের মধ্য দিয়ে আমরা পেয়েছি অন্য দেশের বেশ কিছু বন্ধু, সমাজের উন্নয়নে নিজেকে সংশ্লিষ্ট রাখার প্রেরণা। হিস্টি ল্যান্ড রাশা, সেন্ট পিটার্সবার্গ, মস্কোর ক্রেমলিন, রেড স্কয়ার বা লেনিনের মসোলিয়াস ভ্রমণের স্মৃতি চির অটুট থাকবে আমাদের হূদয়ে। রাশিয়ান ফেডারেল এজেন্সি অব ইয়ুথ অ্যাফেয়ার্স এবং রাশিয়ান ফেডারেশনের এডুকেশন ও সায়েন্স মিনিস্ট্রির যৌথ উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।