রাশিয়ান উইকিপিডিয়া ২৪ ঘণ্টা বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ান ভাষার উইকিপিডিয়া (http://ru.wikipedia.org) মঙ্গলবার ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল। সম্প্রতি দেশটির সরকার দেশের ইন্টারনেট নিয়ন্ত্রণে প্রচলিত আইনে সংশোধনী উত্থাপন করে। আর তার প্রতিবাদস্বরূপ উইকিপিডিয়ার রাশিয়া ভাষার ওয়েবসাইটটি এক দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। প্রতিবাদ হিসেবে এ সময় ওয়েবসাইটের প্রথম পাতায় থাকা উইকিপিডিয়ার লোগোর ওপরে কালো রঙের একটি রেখা টেনে ঢেকে দেওয়া হয়। এ ছাড়া রাশিয়ান ভাষার উইকির প্রথম পাতায় লেখাও ছিল বিষয়টি। উইকিপিডিয়া রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ার সরকার ইন্টারনেট ব্যবহার করে যে শিশু পর্ণোগ্রাফি, কিশোরদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি, মাদকদ্রব্যসংক্রান্ত বিষয় ছড়িয়ে দেয় এমন যেসব তথ্য থাকে সেসব সাইট নিয়ন্ত্রণের প্রয়োজন মনে করছে। সব সময় জ্ঞানের সব ধারাকে উন্মুক্ত রাখার পক্ষে থাকাটা জরুরি। এমন একটি বিশ্ব প্রয়োজন যেখানে জ্ঞান উন্মুক্ত। আর উল্টো দিকে রাশিয়ান সরকার বিদ্যমান তথ্য আইনে এমন কিছু পরিবর্তন নিয়ে আসছে, যা রাশিয়ার ইন্টারনেটকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। এতে করে রাশিয়ান ভাষার উইকিপিডিয়াতেও সবাই হয়তো সহজে প্রবেশ কিংবা তথ্য সংগ্রহ করতে পারবে না। রাশিয়ান ইন্টারনেট বিশেষজ্ঞ অ্যান্টন নোশিক বলেন, ‘১২ বছর ধরে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আমি খুবই খুশি। তবে বর্তমানে রাশিয়ান কর্তৃপক্ষ এমনভাবে আইনটিকে পাস করতে চাইছে, যা ইন্টারনেটের জন্য ভালো কিছু নয়।’ উইকিপিডিয়ার মতে, উইকিপিডিয়া কমিউনিটি সব সময়ই এ ধরনের আইনের বিরুদ্ধে বিরোধিতা করে আসছে। এ ধরনের আইন অনেক ক্ষেত্রেই জ্ঞানকে সবার কাছ থেকে অবরুদ্ধ রাখে। উল্লেখ্য, বিলটি প্রাথমিকভাবে পাস হয়েছে। চলতি সপ্তাহে দ্বিতীয় ভোটে এটি চূড়ান্তভাবে পাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এ ভোটে পাস হয়ে গেলে আইনটি কার্যকর হয়ে যাবে। —গার্ডিয়ান অবলম্বনে কাজী আশফাক আলম