রাশিয়ায় নির্বাচনের মধ্যেই নাভালনির অ্যাপ সরিয়ে ফেলল গুগল ও অ্যাপল
গুগলের প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোর থেকে রাশিয়ার কারারুদ্ধ বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির নির্বাচনবিষয়ক অ্যাপ সরিয়ে ফেলেছে প্রতিষ্ঠান দুটি। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতি রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর অভিযোগ আনলে এমনটা করা হয় বলে গতকাল জানিয়েছে নাভালনির নির্বাচনী দল।
ক্রেমলিনের সমালোচক হিসেবে পরিচিত নাভালনি। তাঁকে আটকের পর ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির জনপ্রিয়তা কমতে শুরু করে। নির্বাচনে তবু ইউনাইটেড রাশিয়ার জয়ী হওয়ার কথা বেশি শোনা যাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়ায় সংসদ নির্বাচনে তিন দিনের ভোটগ্রহণ শুরু হয় গতকাল শুক্রবার।
‘স্মার্ট ভোটিং’ অ্যাপ ব্যবহার করে ইউনাইটেড রাশিয়ার বিপক্ষে কৌশলগত প্রচারণা চালানোর পরিকল্পনা করেছিল নাভালনির নির্বাচনী দল।
অ্যাপটি সরিয়ে ফেলতে চলতি মাসেই অ্যাপল ও গুগলকে নির্দেশ দেয় রাশিয়া। সরকারের পক্ষ থেকে প্রতিষ্ঠান দুটির প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে গত বৃহস্পতিবার জানানো হয়েছিল।
নাভালনির সমর্থক ইভান ইজদানব গতকাল রয়টার্সকে বলেন, অ্যাপটি সরানো রাজনৈতিক সেন্সরশিপের শামিল।
এএফপির খবরে বলা হয়েছে, অ্যাপ সরিয়ে ফেলার পর দেশে দেশে সমালোচিত হচ্ছে অ্যাপল ও গুগল। টেক জায়ান্টদের বৈশ্বিক আধিপত্য নিয়েও প্রশ্ন উঠছে। এদিকে বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রাম থেকেও নাভালনির ‘স্মার্ট ভোটিং’ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানানো হয়।