রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা শাস্তিযোগ্য অপরাধ। ছবি: এম সাদেক
রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা শাস্তিযোগ্য অপরাধ। ছবি: এম সাদেক

রাষ্ট্র যেমন নাগরিক হিসেবে আমাদের নিরাপত্তার দায়িত্ব নেয়, তেমনি নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব দেশের বা রাষ্ট্রের সম্পদের সুরক্ষা করা। কোনো অবস্থাতেই রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করা যাবে না। দেশের প্রচলিত বিভিন্ন আইন রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীদের অপরাধী হিসেবে গণ্য করেছে। রাষ্ট্রীয় সম্পদের অনিষ্ট বা ক্ষতি করলে পেতে হবে কঠিন শাস্তি।

দণ্ডবিধিতে কী বলা আছে
দণ্ডবিধিতে কোনো সরকারি সম্পদের ক্ষতি করলে এর শাস্তির বিধান নিশ্চিত করা আছে। দণ্ডবিধির ৪৩১ থেকে ৪৩৮ পর্যন্ত ধারাগুলোতে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীদের শাস্তি সম্পর্কে বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি কোনো সরকারি সড়ক, সেতু, নদী এবং খালের এমনভাবে কোনো অনিষ্ট করে, যার ফলে যোগযোগব্যবস্থা বিঘ্নিত হয়, ভ্রমণ কিংবা পারাপারের জন্য কম নিরাপদ হয় বা হতে পারে, তাহলে সেটি অপরাধ। এ অপরাধের জন্য দায়ী ব্যক্তি পাঁচ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম জেলসহ অর্থদণ্ডে দণ্ডিত হবে। যদি কোনো ব্যক্তি সরকারি কোনো পয়ঃপ্রণালি বা জননিষ্কাশনীতে বিঘ্ন করে, যার ফলে ক্ষতি হয় বা ক্ষতি হতে পারে বলে ব্যক্তিটি জানে, তাহলে এর জন্য পাঁচ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম জেলসহ অর্থদণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। সমুদ্রেপথে কোনো সমুদ্রসংকেত বা বাতিঘর বিনষ্ট বা অপসারণ করলে সাত বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড কিংবা অর্থদণ্ডসহ উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। এ ছাড়া সরকারি কোনো ভূ-সংকেত বিনষ্ট করলে এক বছরের জেল কিংবা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। ১০ টাকার ঊর্ধ্বে কোনো কৃষি সম্পদ কিংবা ১০০ টাকা বা তার বেশি মূল্যমানের কোনো সম্পদ আগুন বা বিস্ফোরক দ্রব্য দিয়ে নষ্ট করলে সাত বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ডে দণ্ডিত হতে হবে। কোনো উপাসনালয় হিসেবে ব্যবহূত কিংবা মানুষের বসবাসের জন্য ব্যবহূত কোনো ঘর আগুন বা বিস্ফোরক দ্রব্য দিয়ে জ্বালিয়ে অনিষ্ট সাধন করলে দায়ী ব্যক্তিকে ১০ বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ডে দণ্ডিত হতে হবে। কোনো পাটাতনবিশিষ্ট জলযান অথবা কুড়ি টন বা তার বেশি ওজনের জলযানের ক্ষতি করলে দায়ী ব্যক্তিকে ১০ বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে যা বলা হয়েছে: আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২-এ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ বলতে কী বোঝায় তা নির্দিষ্ট করে সংজ্ঞা দেওয়া হয়েছে। এ আইন অনুযায়ী স্থলপথ, রেলপথ, জলপথ বা আকাশপথে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করাকে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এবং এ অপরাধের জন্য এ আইনে দায়ী ব্যক্তির শাস্তি নিশ্চিত করা হয়েছে। এ আইন অনুযায়ী কোনো স্থানে, বাড়িঘরে, দোকানপাটে, হাটেবাজারে, রাস্তাঘাটে, যানবাহনে বা কোনো প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে বা আকস্মিকভাবে একক বা দলবদ্ধভাবে দাপট প্রদর্শন করে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করলে এমন অপরাধকে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ আইন অনুযায়ী সরকার বা কোনো সংবিধিবদ্ধ সংস্থা বা কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিনষ্ট বা ভাঙচুর করাও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ। এ আইন অনুযায়ী যেকোনো আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ করলে অপরাধীকে সর্বনিম্ন দুই বছর এবং সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ডে দণ্ডিত হতে হবে। এ ছাড়া কোনো সরকারি বা সংবিধিবদ্ধ সংস্থা, প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির আর্থিক ক্ষতি করলে উপযুক্ত ক্ষতিপূরণও দায়ী ব্যক্তির কাছ থেকে আদায় করার বিধান আছে। কোনো ব্যক্তি আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ করতে সহায়তা করলেও দায়ী ব্যক্তি যে শাস্তি ভোগ করবে, সহায়তাকারীকেও সে শাস্তি ভোগ করতে হবে। এ অপরাধের বিচার হবে দ্রুত বিচার আদালতে।

সন্ত্রাসবিরোধী আইন কী বলছে
সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ নামে একটি আইন দেশে কার্যকর রয়েছে। এ আইনের ৬ ধারা অনুযায়ী কোনো ব্যক্তি বা বিদেশি নাগরিক প্রজাতন্ত্রের কোনো সম্পত্তির ক্ষতিসাধন করে বা করার প্রচেষ্টা গ্রহণ করে, তাহলে সন্ত্রাসী কার্য হিসেবে গণ্য হবে। এ জন্য দায়ী ব্যক্তিকে পেতে হবে যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ ১৪ বছরের সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ড। এ অপরাধের সর্বনিম্ন শাস্তি হচ্ছে চার বছরের সশ্রম জেলসহ অর্থদণ্ড। কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের সম্পদ বিনষ্টের জন্য কোনো ষড়যন্ত্র, সহায়তা বা প্ররোচিত করলে ওই ব্যক্তিকে সর্বোচ্চ ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও সর্বনিম্ন চার বছর কারাদণ্ডসহ অর্থদণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এ ছাড়া প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতির উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বা নিজ দখলে রাখলেও যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ ১৪ বছরের সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ডের বিধান করা হয়েছে। এ অপরাধের সর্বনিম্ন শাস্তিও চার বছরের সশ্রম জেলসহ অর্থদণ্ড। এ আইনের আওতায় বিচার হবে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে। বিশেষ ট্রাইব্যুনাল গঠিত না হলে সে ক্ষেত্রে বিচার হবে দায়রা জজ আদালতে।
লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট