রাহুল গান্ধীর নামে জাল ফেসবুক অ্যাকাউন্ট!
ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীর নামে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে একটি জাল অ্যাকাউন্ট খোলার দায়ে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার পুলিশ অঙ্কিত সাইনি নামের ওই যুবককে হরিয়ানা রাজ্যের আমবালা শহর থেকে গ্রেপ্তার করে। পুলিশ তাঁর কাছ থেকে জাল অ্যাকাউন্ট তৈরির কাজে ব্যবহূত একটি ল্যাপটপ ও একটি মুঠোফোন জব্দ করেছে। গ্রেপ্তারের পর তাঁকে স্থানীয় একটি আদালতে পাঠানো হয়। পরে অবশ্য ওই যুবক জামিনে ছাড়া পান। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাইনি রাহুল গান্ধীর নামে ফেসবুকে জাল অ্যাকাউন্ট তৈরি করেছেন। শুধু তা-ই নয়, রাহুল গান্ধীর নাম করে কংগ্রেস ও মহিলা কংগ্রেসের অন্য নেতা-কর্মী ও নারীদের অ্যাকাউন্টে নানা বার্তা পাঠিয়েছেন। সাইনি পুলিশকে জানিয়েছেন, দিল্লির রামলীলা ময়দানে যোগগুরু বাবা রামদেবের শান্তিপূর্ণ অনশন কর্মসূচিতে পুলিশের হামলায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। পুলিশের কাছ থেকে তিনি এ ধরনের আচরণ আশা করেননি। অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে কংগ্রেসের মুখপাত্র পঙ্কজ চতুর্বেদীর দায়ের করা এক মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ সাইনিকে গ্রেপ্তার করেছে। সাইনি কী কারণে এভাবে রাহুল গান্ধীর নামে জাল ফেইসবুক অ্যাকাউন্ট তৈরি করেছেন, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে রোকেয়া রহমান