রিকানেক্ট চ্যালেঞ্জে বাংলাদেশের অ্যাপ

যানবাহন ট্র্যাক করার একটি অ্যাপ্লিকেশন যুক্তরাষ্ট্রের রিকানেক্ট চ্যানেলেঞ্জের শীর্ষ দশে স্থান করে নিয়েছে। বাংলাদেশের মনিকো টেকনোলজিস তৈরি করেছে ফাইন্ডার জিপিএস ট্র্যাকিং নামের এই অ্যাপ্লিকেশনটি। মনিকোর তৈরি করা অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোরে রয়েছে।
বিশ্বজুড়ে বৈজ্ঞানিক ও কারিগরি উদ্যোগে সহায়তাকারী প্রতিষ্ঠান সিআরডিএফ গ্লোবাল ও আমেরিকার স্টেটস ডিপার্টমেন্ট যৌথভাবে রিকানেক্ট চ্যালেঞ্জের আয়োজন করে ।
মনিকো টেকনোলজিস কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ, কাজাখস্তান, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কাসহ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার (এসসিএ) অন্তর্ভুক্ত ১২টি দেশের ২৩০ প্রতিযোগীর মধ্য থেকে ১৩টি প্রতিষ্ঠানের অ্যাপ নির্বাচিত হয়েছে। বাজার ধরার সক্ষমতা, মানুষের প্রয়োজনীয়তা ও সমস্যা সমাধানের বিষয়গুলো মাথায় রেখে অ্যাপ নির্বাচন করা হয়েছে।
ফাইন্ডার ট্র্যাকিং অ্যাপটি একদিকে যেমন লোকেশন শনাক্ত করতে পারে, তেমনি গাড়ি ব্যবস্থাপনার কাজেও ব্যবহার করা যায়।
মনিকো টেকনোলজিসের পরিচালক সাখাওয়াত সোবহান প্রথম আলোকে বলেন, ‘ফাইন্ডার জিপিএস ট্র্যাকিং অ্যাপটি যানবাহন শনাক্ত করা ছাড়াও ব্যবহারকারীদের মধ্যে কমিউনিটি গঠন করতে পারে। ফলে অ্যাপ ব্যবহারকারীরা ট্যাক্সি-সিএনজির মতো যান খুঁজে নিতে পারবেন।’
২৫ থেকে ২৭ নভেম্বর নেপালের কাঠমান্ডুতে রিকানেক্ট চ্যালেঞ্জের ফাইনাল ইভেন্ট অনুষ্ঠিত হবে। চ্যালেঞ্জের শীর্ষ তিন উদ্যোক্তা ইউরোপে অনুষ্ঠেয় টেকক্রাঞ্চ ডিজরাপ্ট ইভেন্টে আয়োজকদের পৃষ্ঠপোষকতায় অংশগ্রহণের সুযোগ পাবে।