রিজার্ভ থেকে টাকা চুরিতে তিন শিক্ষা!
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনাটি এ যাবৎকালের সাইবার নিরাপত্তা ভঙ্গের অন্যতম ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। কিন্তু এ ঘটনা থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের তিনটি শিক্ষা নেওয়ার আছে বলে মনে করছে যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘হাউজিং ওয়্যার’।
গত ফেব্রুয়ারির শুরুর দিকে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশের রিজার্ভের ৯৫ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির চেষ্টা করেছিল সাইবার দুর্বৃত্তরা। কিন্তু শেষ পর্যন্ত ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করতে পেরেছে।
এই অর্থ চুরির ঘটনার শিক্ষণীয় বিষয় নিয়ে ‘হাউজিং ওয়্যার’ সাময়িকীর প্রতিবেদনে বলা হয়, যাঁরা ছোট ব্যবসা পরিচালনা করেন এবং ব্যাংকের ভল্টে কোটি কোটি টাকা নেই—তাঁদেরও এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার আছে। সেটা হলো, যখন সাইবার আক্রমণ হবে তখন হা-পিত্যেশ না করে অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা। তাতে লাভই বেশি।
১. চুরি করা তথ্য কাজে লাগায় সাইবার দুর্বৃত্তরা
নানা প্রলোভন দেখিয়ে ই-মেইলে বার্তা পাঠিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার যুগ এখন অতীত। এখন ফিশিং আক্রমণ, বিশেষ করে পরিচিত কোনো উৎস থেকে আসা ই-মেইল ঝুঁকির মধ্যে রয়েছে সবাই। অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনামূলক মেইল থেকে শুরু করে আপনার সেরা ক্রেতার মেইলটিও হতে পারে ঝুঁকিপূর্ণ।
তাই প্রলোভনমূলক মেইল বা লিংকে ক্লিক করা থেকে সাবধান থাকা উচিত।
২. মানুষ কিছু সময় সমস্যা আবার কিছু সময় সমাধান
অধিকাংশ ফিশিং হ্যাক মূলত কর্মীদের লক্ষ্য করে চালানো হয়ে থাকে। কেউ যখন অবিবেচকের মতো এ ধরনের সন্দেহজনক মেইলে ক্লিক করে বসেন, তখনই সাইবার দুর্বৃত্তদের জন্য সম্ভাবনার দুয়ার খুলে যায়। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় বানানের ভুলটি ব্যাংকের পক্ষে গেছে। হ্যাকাররা নির্দেশ পাঠানোর সময় ‘ফাউন্ডেশন’ বানান ভুল করে ‘ফানডেশন’ লেখায় সন্দেহ তৈরি হয়েছে। এ কারণেই ৮৫ কোটি ডলার বেহাত হওয়া প্রতিহত করা গেছে।
এ ক্ষেত্রে শিক্ষণীয় হচ্ছে, আপনার প্রতিষ্ঠানের কর্মীদের যেকোনো বিষয়ে সন্দেহ করতে বা প্রশ্ন করতে প্রশিক্ষণ দিন।
৩. অথেনটিকেশনের পদক্ষেপ মজবুত করুন
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ চুরির ঘটনায় প্রশ্ন উঠেছে নির্দেশনা পাওয়ার পর ফেডারেল রিজার্ভ ব্যাংক সঠিক প্রক্রিয়া অনুসরণ করছে কি না। যুক্তরাষ্ট্রের ওই ব্যাংকটি অবশ্য তাদের সিস্টেম হ্যাক হওয়ার বিষয়টি অস্বীকার করেছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ফেডারেল ব্যাংকের উচিত ছিল, সঠিক সুইফট কোড থাকলেও নির্দেশনাগুলো সঠিক কি না, তা পরীক্ষা করে দেখার। এ ক্ষেত্রে একটি পদক্ষেপ বাদ গেছে, তা হচ্ছে-ভেরিফিকেশন। এই প্রক্রিয়াটি ঠিকমতো না হওয়ায় অর্থ চুরি হয়েছে।
এ থেকে শিক্ষা নিতে হবে যে, নিজের ব্যবসার প্রক্রিয়ার মধ্যে কোনো ফাঁকফোকর আছে কি না, পরীক্ষা করে দেখতে হবে। এখনো ফ্যাক্স ব্যবহার করছেন? কর্মকর্তারা কি এখনো অনিরাপদ মেইল ব্যবহার করছেন? আপনার কোনো কর্মী ওয়্যারলেস মাউস বা কিবোর্ড ব্যবহার করছে কি না, এ প্রশ্নগুলো মাথায় রাখুন। ব্যবসার আকার বা ব্যাংক হিসাবের আকার দেখে সাইবার হামলার সংখ্যা নির্ভর করে না।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে প্রতিদিন কমপক্ষে ১০ লাখ নতুন ম্যালওয়্যার (ক্ষতিকর সফটওয়্যার) উন্মুক্ত হয়েছে। আইডেনটিটি থেপট রিসোর্স সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের শুধু ফেব্রুয়ারি মাসে ৪৫টিরও বেশি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে নিরাপত্তা ভেঙে ফেলেছে সাইবার দুর্বৃত্তরা। এর মধ্যে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক বা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি সবচেয়ে বড় লক্ষ্য। অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চিকিৎসা ও আর্থিক প্রতিষ্ঠান।