মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী, প্রভাষক, রূপনগর মডেল কলেজ, ঢাকা
প্রিয় পরীক্ষার্থী, বাংলা ১ম পত্র সৃজনশীল পদ্ধতিতে হবে। ক. সৃজনশীল অংশ = ৬০ নম্বর। খ. বহুনির্বাচনি প্রশ্ন থাকবে ৪০টি, মান ৪০ নম্বর। ব্যাকরণ অংশে বেশি গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে শব্দপ্রকরণ, শব্দ গঠন, বাক্যপ্রকরণ, উপসর্গ, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, সমাস-সন্ধি থেকে প্রায়ই প্রশ্ন আসে। যেকোনো প্রশ্নের উত্তর লেখা শুরু করলে তার চারটি অংশের উত্তরই ধারাবাহিকভাবে লিখবে।
জ্ঞানমূলক প্রশ্নের নম্বর ১। এর উত্তর একটি শব্দে, একাধিক শব্দে বা একটি বাক্যে দেওয়া যাবে। বানানের প্রতি যত্নবান হতে হবে, বানান ভুল হলে উত্তর কাটা যাবে এবং শূন্য পাবে। যেমন ধরো: ‘একটি ফটোগ্রাফ’ কবিতার রচয়িতা কে? এখানে ‘শামসুর রাহমান’-এর নামের বানান ভুল করলে উত্তর কাটা যাবে এবং শূন্য পাবে। অনুধাবনমূলক প্রশ্নের নম্বর ২। এখানে অযথা লেখকের কোনো বিশেষণ লিখবে না। প্রয়োগমূলক প্রশ্নের মোট নম্বর ৩। প্রয়োগ মানে, শিক্ষার্থী পাঠ্যবই থেকে যা জেনেছে ও বুঝেছে, তা নতুন ক্ষেত্রে অর্থাৎ উদ্দীপকে প্রয়োগ করবে। কাজেই উদ্দীপকের সঙ্গে সংশ্লিষ্ট গল্প/কবিতার যে দিকটি সাদৃশ্য/বৈসাদৃশ্য থাকে সেটাই জ্ঞান। প্রসঙ্গটি পাঠ্য বইয়ের আলোকে বর্ণনা করাই হলো অনুধাবন। এবং সবশেষে এই দিকটি উদ্দীপকে কীভাবে ফুটে উঠেছে তা বর্ণনা করবে। উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের মোট নম্বর ৪। উচ্চতর দক্ষতা মানেই একটা সিদ্ধান্তের ব্যাপার। প্রশ্নে সাধারণত একটা অনুসিদ্ধান্ত দেওয়া থাকে। যদি সিদ্ধান্তটি সঠিক হয়, তাহলে সেটাকে ব্যাখ্যা করে উদ্দীপকে প্রয়োগ করে প্রমাণ করবে যে সিদ্ধান্তটি সঠিক। আর যদি ভুল হয় তাহলে কেন ভুল, সেটাও প্রমাণ করবে। অনেক ক্ষেত্রে সিদ্ধান্তটি আংশিক সত্য হতে পারে। সেক্ষেত্রে উদ্দীপকের সঙ্গে পাঠ্যবইয়ের যে অংশের মিল আছে তা বর্ণনা করে সিদ্ধান্ত লিখতে হবে।