রিসাইক্লিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

দীপ্তকে কত করে বলেছিলাম, এ রকম করার দরকার নেই! কিন্তু সে তো নিজেকে সবজান্তা ভাবে, তাই আমার কথা শুনলই না! এখন তার ফল হাতেনাতে পেয়েছে।
ছয় মাস আগের কথা। ক্লাস পরীক্ষার খাতা দিয়েছে। গণিত পরীক্ষা। দীপ্ত আবার গণিতে চিরকালই কাঁচা। গণিত বই দেখলেই তার জ্বর এসে যায়। আর স্বাভাবিকভাবেই গণিত পরীক্ষাগুলোয় হতশ্রী নম্বর পায়। তবে দীপ্ত আগে যে নম্বর কখনো পায়নি, এবার সেটাই পেয়েছে। স্যার এত যত্ন করে দীপ্তর খাতায় দুইটা শূন্য দিয়েছেন, সেটা দেখে আমরা আবেগে ভেসে যাচ্ছি।
এদিকে দীপ্ত বেচারা পড়েছে মহাবিপদে। সে এই খাতা বাসায় নিয়ে যাবে কী করে, সেই চিন্তায় অস্থির। আমরাও ক্লাসে জরুরি সভা আহ্বান করলাম, কীভাবে দীপ্তকে এই বিপদ থেকে বাঁচানো যায়। একজন বলল, ‘খাতাটা স্কুলের পেছনে ড্রেনে ফেলে দিলেই হয়! কেউ দেখতে পারবে না, জানতে পারবে না।’ আবার আরেকজন বলল যে খাতাটা পুড়িয়ে ফেললেই হয়।
কিন্তু দীপ্ত এগুলোর কোনোটাই করবে না। সে আবার পরিবেশ রক্ষায় বদ্ধপরিকর। খাতা ড্রেনে ফেললে জলাবদ্ধতা হবে। পুড়িয়ে ফেললে কার্বন ডাই-অক্সাইড নির্গত হবে। তাই অন্য কোনো উপায় বের করতে হবে। আমরা আরও চিন্তায় পড়ে গেলাম। যা-ই করি, শেষে দেখা যায় পরিবেশ নষ্ট হবে, তাই সেগুলো বাতিল হয়ে গেল।
আমরা চিন্তা করতে করতে ক্লান্ত। এমন সময় দীপ্ত চিৎকার করে উঠল, ‘ইউরেকা!’ আমরা উৎসুক হয়ে জানতে চাইলাম, ‘কী হয়েছে, পেয়েছিস কোনো উপায়?’ সে বলল, ‘স্কুল থেকে বাসায় যাওয়ার পথে একটা পুরোনো কাগজের দোকান আছে। সেখানে খাতাটা রেখে আসব, মাত্র কয়েকটা পৃষ্ঠার খাতা তো আর কেজি দরে বিক্রি হবে না। তাহলে কাগজটা হয়তো রিসাইক্লিং হয়ে অন্য কোনো কাজে লাগবে। পরিবেশ নষ্ট হলো না, আবার কেউ জানতেও পারল না।’
আমার কাছে অবশ্য বুদ্ধিটা তেমন সুবিধার মনে হলো না। তাই দীপ্তকে বললাম, আরও ভালো কোনো পথ খুঁজতে হবে। কিন্তু যে নিজেকে সবজান্তা ভাবে, তার কাছে কি আর অন্যের কথার দাম থাকে? সে তার নিজের বুদ্ধিতে আস্থা রেখে বিশ্বজয়ের হাসি হাসতে লাগল আর বাসায় যাওয়ার পথে দোকানটায় গিয়ে খাতাটা রেখে এল।
যা হোক, গতকাল দীপ্ত তার ছয় মাস আগের গণিত পরীক্ষায় শূন্য পাওয়ার জন্য বাসায় নাকি ব্যাপক ঝাড়ি খেয়েছে। আঙ্কেল-আন্টি তো বকা দিয়েছেনই, ওর বড় বোনও বকাবকি করেছেন। ওর বাসার গণিতের শিক্ষক, ইংরেজির শিক্ষকও শূন্য পাওয়ার জন্য দীপ্তকে ঝাড়ি দিয়েছেন। এমনকি তার গিটারের শিক্ষকও গণিতে শূন্য পাওয়ার জন্য বকেছেন। আমি জিজ্ঞেস করতে চাইলাম ওর বাসার বুয়া, দারোয়ান ওকে কিছু বলেছে কি না। কিন্তু বেচারার হতাশায় ভেঙে পড়া চেহারা দেখে আর কিছু জিজ্ঞেস করলাম না। শুধু এত আগের ধামাচাপা দেওয়া ঘটনাটা কীভাবে বাসায় জানাজানি হলো, সেটাই শুনলাম।
ঘটনার সূত্রপাত গতকাল বিকেলে। আন্টি দীপ্তকে তিন হালি ডিম কিনতে পাঠান দোকানে। দীপ্ত তার বাসার পাশের দোকান থেকে ডিম কিনে নিয়ে আসে। বাসায় এসে ডিমের প্যাকেটটা রান্নাঘরে রেখে নিজের ঘরে গিয়ে পড়তে বসে। কিছুক্ষণ পর আন্টি দীপ্তর ঘরে এসে ডিমের প্যাকেটটা ওর পড়ার টেবিলে রাখেন। দীপ্ত প্যাকেটের দিকে তাকিয়ে দেখে প্যাকেটটা ছয় মাস আগের গণিত পরীক্ষার খাতার প্রথম পৃষ্ঠা দিয়ে বানানো। যেখানে তার নাম, রোল নম্বর আছে। আর আছে স্যারের যত্ন করে দেওয়া দুটি শূন্য।
দীপ্ত রিসাইক্লিং করতে চেয়েছিল খাতাটা। এর চেয়ে সুন্দরভাবে বোধ হয় রিসাইক্লিং সম্ভব নয়!