রিয়েল টাইম কাঠামোতে স্টিভ জবসের চলচ্চিত্র
অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের জীবনকাহিনি নির্ভর চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য লিখছেন অস্কারজয়ী চিত্রনাট্যকার অ্যারন সরকিন। চিত্রনাট্যকার সরকিন জানিয়েছেন, স্টিভ জবসকে নিয়ে নির্মিত চলচ্চিত্রটিতে ‘রিয়েল টাইম’ কাঠামো থাকবে। স্টিভের জীবনের গল্প তুলে ধরার প্রচলিত চলচ্চিত্রের কৌশল ব্যবহারের পরিবর্তে এটি সব মিলিয়ে তিনটি দৃশ্যে রিয়েল টাইমে তিনটি পণ্যের ঘোষণা দেওয়ার অনুষ্ঠান ঘিরে তৈরি হবে অর্থাত্ চলচ্চিত্রের দৃশ্যগুলো সরাসরি সম্প্রচারের মত হবে। খবর টেলিগ্রাফ অনলাইনের।ওয়ালটার আইজ্যাকসনের লেখা স্টিভ জবসের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্রটি তৈরি করছে প্রযোজক প্রতিষ্ঠান সনি পিকচার্স। চিত্রনাট্যকার হিসেবে ‘এ ফিউ গুড মেন’, ‘ওয়েস্ট উইং’ এবং ‘দ্য আমেরিকান প্রেসিডেন্ট’খ্যাত অ্যারন সরকিন সিলিকন ভ্যালির প্রযুক্তি উদ্যোক্তাদের নিয়ে চিত্রনাট্যে তার সক্ষমতা আগেই দেখিয়েছেন। মার্ক জাকারবার্গের ফেসবুক প্রতিষ্ঠার কাহিনিভিত্তিক চলচ্চিত্র ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’-এর জন্য তিনি অ্যাকাডেমি পুরস্কারও জিতেছেন।অ্যারন সরকিন জানিয়েছেন, স্টিভ জবসের চিত্রনাট্যে ৩০ মিনিট দৈর্ঘ্যের মোট তিনটি দৃশ্য থাকবে, এর প্রতিটি হবে রিয়েল টাইমে অ্যাপল পণ্য ঘোষণা দেওয়া অনুষ্ঠানের মত। ওয়ালটার আইজ্যাকসনের লেখা স্টিভ জবসের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্রটিতে প্রচলিত নির্মাণ পদ্ধতির বাইরে যাচ্ছেন তিনি। সাধারণভাবে স্টিভের জীবনের গল্প তুলে ধরার পরিবর্তে তিনটি দৃশ্যে রিয়েল টাইমে তিনটি পণ্যের ঘোষণা দেওয়ার অনুষ্ঠানটি ঘিরে তৈরি হবে চিত্রনাট্য। ম্যাক, নেক্সট ও আইপড স্টিভ জবসরে জীবনের এই তিনটি পণ্য আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার সময় পর্দার আড়ালের দৃশ্যসহ রিয়েল টাইমে পণ্যগুলো ঘোষণা দেওয়ার বিষয়টি দেখানো হবে। সরকিন জানিয়েছেন, চলচ্চিত্রটিতে নতুনত্ব আনতে গবেষণা শুরু করেছেন এবং স্টিভ জবসের বন্ধু স্টিভ ওজনিয়াকসহ সংশ্লিষ্ট অনেকের সঙ্গে কথা বলেছেন।উল্লেখ্য, ২০১১ সালে অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান স্টিভ জবস। তাঁর মৃত্যুর পর ওয়ালটার আইজ্যাকসন তাঁর বায়োগ্রাফি বা জীবনীগ্রন্থ লিখেছেন।