রুপা জয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (আইজেএসও) রৌপ্যপদক জয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হলো। গতকাল বুধবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের চেয়ারম্যান জামিলুর রেজা চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের খুদে বিজ্ঞানীরা জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করে রুপা ও ব্রোঞ্জ পদক অর্জন করছে। এটা আমাদের দেশের জন্য অনেক বড় গৌরবের ব্যাপার।’ এ সময় পদকপ্রাপ্ত ব্যক্তিদের হাতে ফুল ও বই দিয়ে সংবর্ধনা জানান তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞানী রেজাউর রহমান, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান মাসুদুল বারী, ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, আইজেএসও দলের দলনেতা বাংলাদেশ প্রকৗশল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফারসীম মান্নানসহ অনেকে।
এ বছরের আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিয়ে নটর ডেম কলেজের তাহমিদ মোসাদ্দেক, স্যার জন উইলসন স্কুলের ফারদিম মুনির ও পাবনা জিলা স্কুলের এ কে এম সাদমান মাহমুদ পেয়েছে রুপার পদক। এ ছাড়া দলের অন্য তিন সদস্য হলো চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের আহমেদ নাফিস, কুমিল্লা জিলা স্কুলের নিহাল জুহায়ের পরশ মিয়াজী ও ঢাকার বিএফ শাহীন ইংলিশ স্কুলের মিরাজ আহমেদ পেয়েছে ব্রোঞ্জ পদক।