
বিজ্ঞানীরা গবেষণাগারে রুপার অতি ক্ষুদ্র কণা (সিলভার ন্যানোপার্টিকল) উৎপাদনের নতুন পদ্ধতি বের করেছেন। বস্ত্র ও প্রসাধনী উৎপাদনে এই কণা ব্যবহূত হয়। কারণ, এসব কণার রয়েছে ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রতিরোধের ক্ষমতা। এ জন্য মানুষের শরীরের ক্ষত সারিয়ে তোলার কাজেও এসব অতি ক্ষুদ্র কণার ব্যবহার রয়েছে। গবেষণাগারে সিলভার ন্যানোপার্টিকলের আবরণ হিসেবে বিভিন্ন জৈব অণু ব্যবহার করেছেন বিজ্ঞানীরা। বিভিন্ন কাজে আগে সোনার ন্যানোপার্টিকল ব্যবহার করা হতো। কিন্তু তুলনামূলক সাশ্রয়ী ও স্থিতিশীল হওয়ার কারণে সিলভার ন্যানোপার্টিকলের গুরুত্ব বেশি। এটি উৎপাদনে বিজ্ঞানীরা রুপা ও সালফারের অণুর সঙ্গে বিভিন্ন জৈব অণুর মিশ্রণ ঘটান। এ-সংক্রান্ত গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে নেচার সাময়িকীতে। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টোলেডো বিশ্ববিদ্যালয়ের গবেষক তেরি বিগিওনি বলেন, ওই মিশ্রণের বিভিন্ন স্তরের গঠন বিস্ময়কর। বিবিসি।