রুশ রস

স্বপ্ননারী
সেমিওন আলতভ
‘ডাক্তার সাহেব, প্লিজ সাহায্য করুন। প্রতি রাতে স্বপ্নে দেখি একটা মেয়েকেই। তিন-তিনটে মাস ধরে! আর সহ্য হচ্ছে না তাকে।’
‘তার সঙ্গে আপনার...ইয়ে মানে...কিছু হয়েছে?’
‘স্বপ্নে?’
‘না, বাস্তবে।’
‘বাস্তবে কিছুই হয়নি। সত্যি বলছি! আর তা ছাড়া স্বপ্নেও সে আমাকে কাছে ভিড়তে দেয় না।’
‘তাহলে আসে কেন?’
‘কে জানে! আমি একটু এগোলেই চিৎকার শুরু করে দেয়, “খবরদার আমাকে ছোঁবে না! তাহলে কিন্তু ভাসিলিয়েভের কাছে চলে যাব। সে অন্তত তোমার মতো জানোয়ার নয়।”’
‘তো সে চলে গেলেই পারে ভাসিলিয়েভের কাছে, যেহেতু সে আপনার মতো জানোয়ার নয়।’
‘আমিও তো সে কথাই বলি ওকে। বলি, “জাহান্নামে যাও! আমার কাছে আসো কেন?” একেবারে পুরুষালি ব্যবহার, যাকে বলে...’
‘কথাগুলো আপনি বাস্তবে বলেন?’
‘না, স্বপ্নে।’
‘উত্তরে সে কী বলে?’
‘বলে, “তুমি নিজের চেহারার দিকে একবার তাকিয়ে দেখেছ? আমার মতো রূপবতী মেয়েকে তুমি দেখতে পাবে শুধু স্বপ্নেই।”’
‘আপনি একে সারা রাত ধরে সহ্য করেন? আমি হলে তাকে...’
‘মেয়েদের তো আপনি চেনেন, ডাক্তার সাহেব। একটা কিছু বললেই ফ্যাচফ্যাচ করে কাঁদতে শুরু করে, তারপর ঘুরে দাঁড়িয়ে এত জোরে দড়াম করে দরজা লাগিয়ে বেরিয়ে যায় যে, দেয়ালের প্লাস্টার ঝুরঝুর করে খসে পড়তে থাকে। প্রতিবেশীরা দেয়ালে দুমদাম বাড়ি দিয়ে চিৎকার করে বলে, “কী শুরু করলেন আপনারা!”’
‘এসব ঘটে স্বপ্নে?’
‘না, বাস্তবে। মেয়েটা এত জোরে দরজা বন্ধ করে যে আমার ঘুম ভেঙে যায়।’
‘ওহ্, এটা জটিল কোনো সমস্যা নয়। ঘুমের ওষুধ খান, মেয়েটাকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিন এবং আরাম করে ঘুমান।’
‘ভয় করে, ডাক্তার সাহেব। ওকে ছাড়া আমি যে একেবারেই একা হয়ে পড়ব!’
উর্দিবাণী
অশালীন শব্দ ব্যবহার করছ যে! তুমি কি শিশু!
অনুপস্থিত ছিলাম অসুস্থতা ও অন্যান্য পারিবারিক কারণে।
ইগলের মতো লম্বা নখ রেখেছ কেন? ভেবেছ, এই নখ দিয়ে বানরের মতো গাছ বেয়ে উঠবে?
তোমাদের স্বনির্ভর হতে শিখতে হবে। হঠাৎ যুদ্ধ শুরু হয়ে গেলে আমি তোমাদের সঙ্গে থাকব ভেবেছ? জি না!
আমাদের বাহিনীর প্রাত্যহিক অনেক কর্মকাণ্ডেরই কোনো অর্থ নেই, তবে কাজগুলো কিন্তু সঠিক।
চাহিদা ও সরবরাহ
ফেলিক্স ক্রিভিন
এক দোকানের সামনে দীর্ঘ লাইন পড়েছে কয়েক ব্লকজুড়ে। বিক্রি হচ্ছে সৌন্দর্য বটিকা।
আর পাশের দোকানগুলোর বিক্রেতারা মাছি মারছে বসে বসে। তাদের বিক্রিবাট্টা নেই একেবারেই। অবিক্রীত পড়ে আছে তাদের সব পণ্য—দয়া বটিকা, সততা বটিকা, মহত্ত্ব বটিকা...
‘এটা ভারি অন্যায়!’ পাশ দিয়ে যেতে যেতে ভাবলেন বারানভ (এ ক্ষেত্রে বলে রাখা উচিত, ন্যায় বটিকার চাহিদাও ছিল না)। ‘কবে যে আমরা সত্যিকারের মূল্যবোধগুলোকে স্বীকৃতি দিতে শিখব! কবে যে শিখব, বাহ্যিক রূপ নয়, অন্তর্গত সৌন্দর্যের মূল্য ঢের বেশি!’
বিষাদময় চিত্তে দুই পাশে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে লাইনে দাঁড়িয়ে পড়লেন বারানভ।
গণতন্ত্র
ভ্লাদিমির লেবেদেভ
পেত্রোভের প্রার্থীপদ দাখিল করলেন ইভানভ।
ইভানভের প্রার্থীপদ দাখিল করলেন পেত্রোভ।
সেমিওনভের প্রার্থীপদ দাখিল করলেন সিদোরভ।
সিদোরভের প্রার্থীপদ দাখিল করলেন সেমিওনভ।
গোপন ভোট অনুষ্ঠিত হলো এই চার প্রার্থীকে নিয়ে বানানো তালিকাসহ।
ইভানভ ভোট দিলেন ইভানভকে।
পেত্রোভ ভোট দিলেন পেত্রোভকে।
সিদোরভ ভোট দিলেন সিদোরভকে।
সেমিওনভ ভোট দিলেন সেমিওনভকে।
বাকিরা ভোটে অংশগ্রহণ থেকে বিরত থাকলেন।
ভোটের ফলাফল: গণতন্ত্রের বিজয়।