রুয়েট শিক্ষার্থীদের গোয়েন্দা রোবট
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুবেল আহাম্মেদ ও রাকিবুল ইসলাম গোয়েন্দা রোবট তৈরি করেছেন। গোয়েন্দা রোবট প্রসঙ্গে তাঁরা বলেন, ধরা যাক সামরিক অভিযান চলছে, অপরাধী ধরতে হবে; কিন্তু অভিযান খুবই বিপজ্জনক। যেকোনো সময় পাল্টা আক্রমণ হতে পারে। কিংবা চলছে বিস্ফোরকদ্রব্য উদ্ধারের অভিযান। এ রকম ঝুঁকিপূর্ণ অভিযান কিংবা যেখানে মানুষের পক্ষে গমন অসম্ভব, সেখানে অনায়াশে কাজ চালিয়ে নিতে পারবে এ রোবট। তাই সার্বিক দিক বিবেচনা করে এর নাম দেওয়া হয়েছে ‘গোয়েন্দা রোবট’।এ রোবট তৈরির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সাংবাদিকদের জানান, রোবটটিকে চালানোর জন্য ইন্টারনেট সংযোগের দরকার হবে। ইন্টারনেট সংযোগের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে এটি নিয়ন্ত্রণ করা যাবে। ইন্টারনেটে ঢুকে একটা সফটওয়্যারের মাধ্যমে প্রথমে একটি নিরাপত্তা কোডের মাধ্যমে এর সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। এরপর এটি থেকে একটা নিশ্চয়তামূলক বার্তা এলেই কাজ শেষ। এটি তখন চলা শুরু করবে। নিয়ন্ত্রণকারী, দূরে অবস্থানকারী ব্যক্তির কাছে রোবটটির আশপাশের পরিবেশের জীবন্ত ভিডিও পাঠাতে থাকবে প্রতি মুহূর্তে এবং ভিডিওগুলো দেখে নিয়ন্ত্রণকারী ব্যক্তি সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন যে কখন কী করতে হবে। সঙ্গে সঙ্গে গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) মাধ্যমে রোবটটি স্যাটেলাইটের সংযোগ করতে পারবে। ফলে মানচিত্রের মাধ্যমে রোবটটির অবস্থান নিশ্চিত হওয়া যাবে। তাঁরা বলেন, এ রকম প্রযুক্তি বর্হিবিশ্বে বিদ্যমান থাকলেও বাংলাদেশে এই প্রথম। রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা জানান, গোয়েন্দা রোবট তৈরির এ প্রকল্পটিকে নিয়ে সম্প্রতি ক্যাম্পাসে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিরাজুল করিম চৌধুরী গোয়েন্দা রোবট তৈরির এ উদ্যোগকে একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেন। তিনি জানান, এ রোবটটির সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের সামরিক খাত থেকে শুরু করে গ্যাস উত্তোলন, শিল্প-কারখানাসহ বিভিন্ন জায়গায় এটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক শাহজাদা মাহমুদুল হাসান এ প্রসঙ্গে জানান, গোয়েন্দা রোবট তৈরির এ প্রকল্পটিকে যদি বাণিজ্যিকভাবে উৎপাদন করা যায়, তবে সরকারি-বেসরকারি বিভিন্ন খাতে সহজেই এটি ব্যবহার করা সম্ভব হবে। —কুদরাত-ই-খুদা, রাজশাহী বিশ্ববিদ্যালয়