রুয়েটে আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) গত শনিবার অনুষ্ঠিত হয়ে গেল আইডিয়া কনটেস্ট শীর্ষক আয়োজন। রুয়েট অডিটরিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হলো: অটোমেটাস, সিগমা, অ্যাসগার্ডিয়ান্স, সুরেজ, স্পুটনিক, বর্ষণ, আরএসএস, পাওয়ার সনিক, ব্লু বার্ড, ফোটন, আরকেন, অপটিমাস প্রাইম, ইনোভেটর্স এবং এক্স-প্লোইটার। রুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই দলগুলো তাদের উদ্ভাবিত আইডিয়া উপস্থাপন করে। প্রতিযোগিতায় মোবাইলের মাধ্যমে একটি কারখানার মেশিন বন্ধ ও চালু করা এবং বিষাক্ত গ্যাসগুলোর উৎপত্তি রোধ করার প্রকল্প সম্পর্কে ধারণা দিয়ে প্রথম স্থান অধিকার করে ব্লু বার্ড দল। ঢাকা শহরের যানজট নিরসন এবং মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে টোল প্রদান করার প্রকল্প সম্পর্কে ধারণা দিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে সিগমা দল। তৃতীয় স্থান অর্জন করে স্পুটনিক দলের তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ফ্যানের গতি নিয়ন্ত্রণ করার প্রকল্প সম্পর্কে ধারণা। প্রথম স্থান অর্জনকারী দলের সদস্যরা হলেন: চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুনায়েদ ও মুঞ্জের। দ্বিতীয় স্থান অর্জনকারী দলের সদস্যরা হলেন: তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহনা ও ফারাবী। তৃতীয় স্থান অর্জনকারী দলের সদস্যরা হলেন: তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুস সালাম, সোহানুর ও সঞ্জয়। পরে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য সিরাজুল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ উপদেষ্টা শামিমুর রহমান, যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নীরেন্দ্রনাথ মুস্তফী, ইন্ডাস্ট্রিয়াল প্রডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোশার্রফ হোসেন, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রবিউল ইসলাম, রোবোটিক সোসাইটি অব রুয়েটের সভাপতি রোকুজ্জামান, সহসভাপতি শাহজাদা মাহমুদুল হাসান, প্রভাষক সেলিম হাবিবসহ অনেকে। —কুদরাত-ই-খুদা, রাজশাহী বিশ্ববিদ্যালয়