রুয়েটে প্রকল্প প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হলো মাইক্রোকন্ট্রোলার-ভিত্তিক ইলেকট্রনিক প্রকল্প প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্সের (আইট্রিপলই) সঙ্গে যৌথভাবে আয়োজন করে রুয়েটের ইলেকট্রনিকস এবং টেলিযোগাযোগ বিভাগ। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১১টি বিশ্ববিদ্যালয়ের ২৩টি দল অংশ নেয়। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো—চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, এআইইউবি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), স্টামফোর্ড ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, ইউআইটিএস, খুলনা বিশ্ববিদ্যালয় এবং রুয়েট। প্রতিযোগিতার মূল পর্ব চমক লাগানো সব উদ্ভাবন নিয়ে ইলেকট্রনিক প্রকল্প প্রদর্শনী শুরু হয় বেলা দুইটায়। সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন রুয়েটের উপাচার্য মো. সিরাজুল করিম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (পরিকল্পনা) আলী জুলকার্নাইন, রুয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা মো. শামিমুর রহমান এবং ইলেকট্রনিকস ও টেলিযোগাযোগ বিভাগের প্রধান এস এম আব্দুর রাজ্জাকসহ অনেকে। সভাপতিত্ব করেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন মো. আবদুল গোফ্ফার খান। প্রতিযোগিতায় এসএমএসের মাধ্যমে ঘরের বৈদ্যুতিক সুইচ নিয়ন্ত্রণের প্রকল্প তৈরি করে প্রথম স্থান অর্জন করেছে রুয়েট। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রোবট প্রকল্প দ্বিতীয় হয়েছে। —জুনায়েদ আহমেদ