রুয়েটে প্রকল্প প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীদের গবেষণার অংশ হিসেবে গত বৃহস্পতিবার প্রকল্প (প্রজেক্ট) প্রদর্শনীর আয়োজন করা হয়। সকাল নয়টায় রুয়েটের প্রশাসন ভবনে এ প্রদর্শনী শুরু হয়। এ সময় প্রকল্পগুলো পরিদর্শন করেন রুয়েটের উপাচার্য সিরাজুল করিম এবং রুয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা আশরাফুল আলম।প্রদর্শনীর বেশির ভাগ প্রকল্পই ছিল ইলেকট্রনিক ও কম্পিউটার নিয়ন্ত্রিত। উল্লেখযোগ্য প্রকল্পগুলো হচ্ছে: স্বয়ংক্রিয় ও প্রিপেইড ফুড ভিলেজ নিয়ন্ত্রণব্যবস্থা, স্বয়ংক্রিয় রেলগেট নিয়ন্ত্রণ, মাইক্রোকন্ট্রোলার নিয়ন্ত্রিত কক্ষ নজরদারির ব্যবস্থা ইত্যাদি। আরও ছিল কম্পিউটার দিয়ে শিল্পকারখানার যন্ত্রপাতি নিয়ন্ত্রণের প্রকল্প। প্রদর্শনীর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রুয়েটের তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সভাপতি মোহাম্মদ আবদুল গাফফার খান। প্রদর্শনীর প্রকল্পগুলো সম্পর্কে তিনি বলেন, রুয়েটের শিক্ষার্থীদের যেমন মেধা আছে, তেমনি কোনো কিছু বানানোরও বেশ আগ্রহ রয়েছে। কিন্তু সরকারিভাবে শিক্ষার্থীরা কোনো সহযোগিতা না পাওয়ায় অনেক সময় তা সম্ভব হয়ে উঠছে না। প্রদর্শনীতে অংশ নেওয়া বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, দেশে কোনো কিছু করতে হলেই বিদেশ থেকে প্রকৌশলী আনা হয়, অথচ দেশে অনেক প্রতিভাবান প্রকৌশলী রয়েছেন। তাঁরা স্বদেশি প্রকৌশলীদের সৃষ্টিশীল ও জনকল্যাণমুখী কাজের সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। —কুদরাত-ই-খুদা, রাজশাহী বিশ্ববিদ্যালয়