রুয়েটে স্থাপত্যবিদ্যা

স্থাপত্যবিদ্যা হচ্ছে কলা আর বিজ্ঞানের সমন্বয়। আর স্থপতিরা নাকি সভ্যতার কারিগর। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবার যাত্রা শুরু করেছে সভ্যতার কারিগর গড়ার কাজে।
রুয়েটের আর্কিটেকচার বিভাগের প্রথম ব্যাচের এই ৩০ জনের দলে রয়েছেন ১৫ জন ছেলে আর ১৫ জন মেয়ে। ঠিক যেন কলা আর বিজ্ঞানের মতোই সমানুপাতিক। শিক্ষকেরা জানান, এই মিল কাকতালীয়ভাবে হয়েছে। একজন শিক্ষার্থী ভর্তি বাতিল করে চলে গিয়ে রুয়েটের স্থাপত্যবিদ্যা বিভাগের শিক্ষার্থীর সংখ্যাকে স্মরণীয় করে গেছেন।
রুয়েট কর্তৃপক্ষ আর্কিটেকচার শব্দের বাংলা না করে এই বিভাগের নাম দিয়েছেন আর্কিটেকচার ডিপার্টমেন্ট। ২০১৩-১৪ সেশনে প্রথম ব্যাচের শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
বিভাগীয় প্রধানের দায়িত্ব নিয়েছেন পুরকৌশল অনুষদের ডিন ইকবাল মতিন। তাঁর সঙ্গে রয়েছেন আরও দুজন শিক্ষক। সহকারী অধ্যাপক আসাদুজ্জামান ও প্রভাষক সাব্বির আহসান।
এখনো আর্কিটেকচার বিভাগের নিজস্ব ভবন তৈরি হয়নি। তবে ইতিমধ্যেই নির্মাণের কর্মকাণ্ড শুরু হয়েছে। প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় তাদের স্টুডিও। এ ছাড়া ক্লাস হচ্ছে পুরকৌশল বিভাগের ভবনে। গত শনিবার রুয়েটে তাদের স্টুডিওতে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের এক প্রাণবন্ত সহাবস্থান দেখা গেছে। ইকবাল মতিন একাধারে শিক্ষক, বেহালাবাদক ও সাহিত্যিক। তাঁর রয়েছে উপমহাদেশের গ্রামোফোন রেকর্ডের বিরল সংগ্রহশালা। তাঁর সৃজনশীলতায় মেতে উঠেছেন ৩০ শিক্ষার্থী। অপর দুজন তরুণ শিক্ষকও বন্ধুর মতো মিশে গেছেন শিক্ষার্থীদের সঙ্গে। শিক্ষার্থীরাও ভীষণ উজ্জীবিত। তাঁদের সবার জন্যই একটি করে বিশেষ ধরনের ডেস্ক তৈরি করা হয়েছে। ডেস্কের ভেতরেই রয়েছে তাঁদের সব শিক্ষার উপকরণ। তাঁরা ডেস্কে নিমগ্ন ছিলেন একটি স্কেচ তৈরিতে।
কেন আর্কিটেকচার পড়তে আসা—জানতে চাইলে সবাই বললেন, লিখে দিই। কয়েক মিনিটের মধ্যে তাঁরা খসখস করে কাগজের পাতায় যেন স্কেচ করে ফেললেন। শিক্ষার্থী বড়দা ভূষণ রায় লিখেছেন, ‘স্থপতিরা সভ্যতার কারিগর। একজন স্থপতি একটি সভ্যতার যুগান্তকারী পরিবর্তন আনতে পারেন। তাঁর সৃজনশীল চিন্তাধারা সমাজব্যবস্থায় যথেষ্ট অবদান রাখতে পারে। এ কারণে আমি একজন স্থপতি হতে চাই।’ শিক্ষার্থী সৌরভ অধিকারী লিখেছেন, একজন শিল্পীর ভাষা যেমন তাঁর চিত্রকর্ম, তেমনি স্থপতির ভাষা হচ্ছে তাঁর প্রতিটি স্থাপনা, যার সঙ্গে মানুষের জীবন জড়িয়ে আছে। শাওন ওমর ইবনে নূর লিখেছেন, ‘স্থাপত্যকলা ব্যাপারটা এই রকম, যা শিল্পের সঙ্গে বিজ্ঞানের সমন্বয় তৈরি করে। বর্তমান যুগের প্রযুক্তির সঙ্গে নিজের সৃজনশীলতার মেলবন্ধন ঘটাতেই আমি স্থপতি হতে চাই।’ তানিয়া আহামেদ লিখেছেন, আর্কিটেচার মানুষের সৃজনশীল প্রতিভাকে বিকশিত করে। নিজের অজান্তেই বের করে আনে লুকানো প্রতিভাগুলোকে।’ সাবা ফারহা মারিয়ার কথা, স্থাপত্য প্রযুক্তি ও শিল্পকলা—এই দুইয়ের সংমিশ্রণই পাওয়া যায় বলে বিষয়টা তাঁর কাছে অনেক আকর্ষণীয় মনে হয়। একই ধরনের মজার মজার কথা লিখেছেন শায়লা শারমিন, ইরিনা খান, খন্দকার রাবিতা, পাপ্পা গুহ, আবুল বাশার, রাকিবুল হাসান, সুমিত হাসান, শাম্মা তাবাসসুম হক, মৌলুদা মান্নান, প্রমি ও স্বর্ণা। ছবি তোলার জন্য তাঁদের সবাইকে স্টুডিও থেকে বাইরে বের করে দিয়ে ইকবাল মতিন হ্যামিলিনের বাঁশিওয়ালার মতো হাঁটছেন শহীদ মিনারের দিকে। দেখেই মনে হলো, রুয়েটে যাত্রা শুরু হয়েছে আর্কিটেকচার বিভাগের।