রুয়েটে হলো ব্রডব্যান্ড নেটওয়ার্কের কর্মশালা
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১৪ ও ১৫ মে অনুষ্ঠিত হলো ‘ব্রডব্যান্ড যোগাযোগ এবং নেটওয়ার্কিং’ শীর্ষক কর্মশালা। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট এবং আহ্সানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাজশাহী ক্যাম্পাস) যৌথভাবে এর আয়োজন করে। ১৪ মে রুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন রুয়েটের উপাচার্য সিরাজুল করিম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) লুৎফর রহমান, রুয়েটের রেজিস্ট্রার মর্তুজা আলী এবং ছাত্রকল্যাণ পরিচালক এম আশরাফুল আলম। কর্মশালায় সভাপতিত্ব করেন রুয়েটের তড়িৎ ও টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগের প্রধান দেলওয়ার হোসেন। এ কর্মশালায় উচ্চগতির ব্রডব্যান্ড যোগাযোগ, ফাইবার অপটিক ও তারহীন যোগাযোগ, নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় বক্তারা বলেন, ব্রডব্যান্ড নেটওয়ার্কের মাধ্যমে যেকোনো তথ্য বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মুহূর্তের মধ্যে সংগ্রহ করা সম্ভব। সে জন্য এ ব্যাপারে ধারণা থাকা দরকার বলে তাঁরা মনে করেন। —রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি