রুয়েটের রুশো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুয়েটের শিক্ষার্থী কে এম নাসিম রুশো
রুয়েটের শিক্ষার্থী কে এম নাসিম রুশো

তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলীদের আন্তর্জাতিক সংগঠন আইইইইর হয়ে কাজ করেন কে এম নাসিম রুশো। সংগঠনটির একাধিক সভায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন তিনি। মাইক্রোসফট, অপেরা আর মজিলা ফায়ারফক্সের হয়েও কাজ করেছেন। রুশো পড়ছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শেষ বর্ষে। তিনি আইইইই রুয়েট ছাত্র শাখার চেয়ারপারসন। বাংলাদেশের ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে আইইইই এডুকেশন সোসাইটির একটি প্রকল্পে কাজ করেন।

২০১০ সালে রুয়েটে অনুষ্ঠিত আইইইই ইথিক্স কনটেস্টের চ্যাম্পিয়ন গ্রুপের সদস্য ছিলেন রুশো। ২০১১-তে নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত আইইইই রিজিয়ন-১০ স্টুডেন্ট কংগ্রেসে বাংলাদেশের পাঁচজন প্রতিনিধির মধ্যে অন্যতম তিনি। পরে ২০১৩ সালে ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত আইইইই স্টুডেন্ট কংগ্রেসের সভায়ও অংশ নেন রুশো। এখানেই শেষ নয়, নিউইয়র্কভিত্তিক ব্লুমবার্গ ইনস্টিটিউটের প্রথম বাংলাদেশ ক্যাম্পাস প্রতিনিধি তিনি। মাইক্রোসফট তাঁকে মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার হিসেবে মনোনীত করে ২০১২ সালে। তার আগে ২০১১ সাল থেকে কাজ করেছেন মজিলা ফায়ারফক্সের প্রতিনিধি হিসেবে। অপেরার ক্যাম্পাস ক্রু ছিলেন ২০১০ ও ২০১১ সালে।

বিজ্ঞান নিয়ে রুশোর পাণ্ডিত্যের খবর তো জানা হলো। এর বাইরে, গানের ভুবনেও রুশো কিন্তু পিছিয়ে নেই। রুয়েট ক্যাম্পাসে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখা যায় তাঁকে। রুশো মূলত আধুনিক বাংলা গান ও বাংলা ব্যান্ডের গান করেন। স্কুলে পড়ার সময় অবশ্য গাইতেন রবীন্দ্র আর নজরুলসংগীত। স্কুলে পড়াকালে তিনি স্কাউটিং করতেন। স্কাউটসের প্রথম জাতীয় সৃজন ক্যাম্পে নজরুলসংগীত বিভাগে প্রথম হয়েছিলেন। কৃতিত্বের সঙ্গে কলেজের চৌকাঠ পেরিয়েছেন রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ থেকে। পরিবারে আছেন মা নাসিমা খাতুন, বাবা এ এম এস রশিদ রেজা আর একমাত্র বড় বোন শাওন, যিনি একজন চিকিৎসক।

বাংলাদেশকে আইটি খাতে অনেক সম্ভাবনার একটা দেশ মনে করেন রুশো। স্বপ্ন দেখেন স্বনির্ভর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের। তাঁর ভাষায়, ‘আমার দেশটাকে যেভাবে পেয়েছি, সেভাবে রেখে যাব না। কোনো দেশই স্বয়ংসম্পূর্ণ ছিল না বা থাকে না। তাকে স্বয়ংসম্পূর্ণ বানাতে হয়।’ সে লক্ষ্যেই কাজ করতে চান রুশো।