রেকর্ড তহবিলেও ফিকে উবুন্টু ফোনের স্বপ্ন

ওপেন সোর্স অপারেটিং সিস্টেমনির্ভর উবুন্টু এজ স্মার্টফোন তৈরির জন্য অর্থ সংগ্রহের ক্ষেত্রে রেকর্ড গড়েছে ক্যানোনিক্যাল। অবশ্য এক কোটি ডলারের রেকর্ড পরিমাণ অর্থ সংগৃহীত হলেও লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে থাকার কারণে উবুন্টুর এ স্মার্টফোন আলোর মুখ নাও দেখতে পারে।
এখন পর্যন্ত এক কোটি ডলারের বেশি অর্থ সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি যা যে কোনো ক্রাউডফান্ডিং সাইট থেকে তহবিল সংগ্রহের একটি রেকর্ড। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
উবুন্টুর ব্যবসায়িক স্পনসর ক্যানোনিকাল উবুন্টু এজ নামের শক্তিশালী একটি স্মার্টফোন তৈরি করতে জুলাই মাসে ক্রাউডফান্ডিং সাইটে তহবিল সংগ্রহের ঘোষণা দেয়। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ক্যানোনিক্যালের উবুন্টু অপারেটিং সিস্টেমনির্ভর ৪০ হাজার ‘সুপারফোন’ তৈরির লক্ষে এক মাসে তিন কোটি ২০ লাখ মার্কিন ডলার তহবিল সংগ্রহ করার প্রাথমিক লক্ষ্য স্থির করে। লক্ষ্য পূরণ না হলে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেবে ক্যানোনিক্যাল। ২১ আগস্ট পর্যন্ত তহবিল সংগ্রহের প্রক্রিয়া চালু রাখবে ক্যানোনিক্যাল।
বাজার বিশ্লেষকেরা অবশ্য ক্যানোনিকালের এ প্রচেষ্টার পূর্বাভাস হিসেবে জানিয়েছেন, ক্যানোনিকাল তহবিল তৈরিতে সফল হলেও বাজারে অন্যান্য অপারেটিং সিস্টেমের সঙ্গে তুমুল প্রতিযোগিতার মুখে পড়তে হবে।
অবশ্য ক্যানোনিকাল এ চ্যালেঞ্জ গ্রহণ করে জানিয়েছে, উবুন্টুনির্ভর স্মার্টফোন তৈরির উদ্যোগ সফল হলে ২০১৪ সালের মে মাসের মধ্যেই বিনিয়োগকারীরা কম দামে পাবেন উবুন্টু এজ স্মার্টফোনটি।
ক্যানোনিকাল আরও জানিয়েছে, লিনাক্সভিত্তিক উবুন্টু অপারেটিং সিস্টেম স্মার্টফোনের অন্যান্য অপারেটিং সিস্টেমের তুলনায় আলাদা হবে কারণ এতে ডেস্কটপ কম্পিউটারের মতো অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে এবং স্মার্টফোনে কম্পিউটার সফটওয়্যার ইনস্টল হবে। অর্থাত্ স্মার্টফোনই হবে কম্পিউটার। এই অপারেটিং সিস্টেম এতটাই ব্যবহার-বান্ধব ও সহজ হবে যে এতে আলাদা করে হোম বাটনের প্রয়োজন পড়বে না।
ক্যানোনিকালের প্রতিষ্ঠাতা মার্ক সাটলওর্থ উবুন্টু স্মার্টফোন সম্পর্কে জানিয়েছেন, সাড়ে চার ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত উবুন্টুর স্মার্টফোন তৈরি হবে অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্রিস্টাল বা স্যাফায়ার দিয়ে। এতে থাকবে চার গিগাবাইট র্যাম, উন্নত প্রসেসর আর ১২৮ গিগাবাইটের বেশি তথ্য ধারণ সুবিধা। এ ছাড়া অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবে উবুন্টু ব্যবহার করা যাবে। স্মার্টফোনটি হবে ডুয়াল বুটের।
উবুন্টুর ব্যবসায়িক স্পনসর ক্যানোনিকাল চলতি বছরের জানুয়ারি মাসে উবুন্টু নির্ভর স্মার্টফোন ইন্টারফেসের ঘোষণা দিয়েছিল। চলতি বছরের ৮ জানুয়ারি লাসভেগাসে অনুষ্ঠিত সিইএস মেলায় স্মার্টফোনের জন্য উবুন্টু অপারেটিং সিস্টেম প্রদর্শন করছিল ক্যানোনিকাল।
ওপেন সোর্স অপারেটিং সিস্টেম হিসেবে ডেস্কটপের বাইরে কোনো পণ্যের জন্য এটাই ছিল উবুন্টুর প্রথম অপারেটিং সিস্টেম।
গত বেশ কয়েক বছর ধরেই টাচ প্রযুক্তির স্মার্টফোনের জন্য উবুন্টুর অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করছে ক্যানোনিকাল।
বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, উবুন্টুনির্ভর স্মার্টফোনকে বাজারে আইফোন, অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন, উইন্ডোজনির্ভর স্মার্টফোন ও ব্ল্যাকবেরির সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়তে হবে।
উবুন্টুর তহবিল সংগ্রহের কাজ যে সাইটটিতে চলছে তার লিংক-
http://www.indiegogo.com/projects/ubuntu-edge