রেড হেরিংয়ের সেরা এক শতে রিভ সিস্টেমস
‘২০১২ রেড হেরিং টপ হান্ড্রেড গ্লোবাল’ নামের তালিকায় জায়গা করে নিয়েছে শীর্ষস্থানীয় ভিওআইপি সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান রিভ সিস্টেমস।রেড হেরিং একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান বিশ্বব্যাপী নতুন সম্ভাবনাময় কোম্পানি এবং এদের উদ্ভাবনী প্রযুক্তির তালিকা তৈরি করে। ২০১২ সালের নভেম্বরে ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়ার সেরা ৩০০ প্রতিষ্ঠান এক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এই প্রতিযোগিতার ভিত্তিতে সেরা ১০০ নির্বাচন করেছে রেড হেরিং। অংশগ্রহণকারী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে সাফল্য, প্রযুক্তির উদ্ভাবন, পরিচালনা-দক্ষতা, কৌশল বাস্তবায়ন, বাজার-অবস্থান সঙ্গে সামঞ্জস্যতার মানদণ্ড বিচার করে সেরা ১০০টি প্রতিষ্ঠানের এ তালিকা প্রকাশ করা হয়। রেড হেরিংয়ের প্রকাশক ও প্রধান নির্বাহী অ্যালেক্স ভিউক্স জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানকে গভীর পর্যালোচনা করে সেরা তালিকা তৈরি করা হয়েছে। এবারের প্রতিযোগিতায় সেরা ১০০ তালিকায় রিভ সিস্টেমসের জন্য গর্বের বিষয়।রিভ সিস্টেমসের প্রধান কার্যালয় সিঙ্গাপুরে অবস্থিত। ভারত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে এর শাখা কার্যালয় রয়েছে। বাংলাদেশেও এর সফটওয়্যার উন্নয়ন বিভাগ রয়েছে। মোবাইল ভিওআইপি সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে রিভ সিস্টেমস ৭০টি দেশে এক হাজার ৭০০টিরও বেশি ভিওআইপি ও টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানকে সেবা প্রদান করছে।এর আগে ২০১২ গত বছরের সেপ্টেম্বর মাসে রেড হেরিংয়ের বিচারে এশিয়ার সেরা ১০০ তালিকায় স্থান পেয়েছিল রিভ সিস্টেমস। এ প্রসঙ্গে বাংলাদেশে রিভ সিস্টেমসের প্রধান নির্বাহী এম রেজাউল হাসান বলেন, ‘সম্মানজনক ২০১২ রেড হেরিং টপ হান্ড্রেড গ্লোবাল তালিকায় স্থান পাওয়া বড় অর্জন। এ অর্জন আমাদের আইপি কমিউনিকেশন শিল্পে আরও নতুন উদ্ভাবনী পণ্য নির্মাণ এবং নিরবচ্ছিন্ন সেবার প্রেরণা দেবে।’