
এই প্রথমবার রেফ্রিজারেটর ব্যবহার করে স্প্যাম মেইল পাঠানোর মতো সাইবার আক্রমণ চালাতে পেরেছে হ্যাকাররা। গত বছরের ২৩ ডিসেম্বরের থেকে চলতি মাসের ৬ তারিখ পর্যন্ত ইন্টারনেটে সংযুক্ত গেরস্থালি যন্ত্রপাতিতে একটি বড় ধরনের ‘বটনেট’ ছড়ানো হয়। ক্যালিফোর্নিয়ার নিরাপত্তা সংস্থা প্রুফপয়েন্ট এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, বাসায় নেটওয়ার্কে ব্যবহূত রাউটার, সংযুক্ত মাল্টিমিডিয়া সেন্টার, টেলিভিশন এবং কমপক্ষে একটি রেফ্রিজারেটরে প্রবেশ করে ক্ষতিকর স্প্যাম বা ফিশিং বার্তা পাঠাতে পেরেছে হ্যাকাররা। এই সময়ে ব্যবসায় প্রতিষ্ঠান এবং ব্যক্তিবিশেষের উদ্দেশ্যে প্রতিদিন তিনবার করে এক লাখ ক্ষতিকর মেইল পাঠানো হয়েছে। এর মধ্যে এক-তৃতীয়াংশই পাঠানো হয়েছে এমন সব যন্ত্র থেকে, যেগুলো ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার অথবা মোবাইল ফোনের সঙ্গে সম্পৃক্ত নয়।
কম্পিউটার বা ট্যাবলেটের চেয়ে নিরাপত্তা কম থাকে বলে আধুনিক এসব গেরস্থালির সামগ্রী হ্যাকার আক্রমণের অন্যতম আকর্ষণীয় লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। দিনকে দিন যেভাবে পরিধেয় ও স্মার্ট প্রযুক্তির পণ্যের প্রসার ঘটছে, তাতে করে ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রুফপয়েন্টে কর্মরত ডেভিড নাইট বলেছেন, বটনেট ইতিমধ্যেই নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে আর এখন থিংসবটের এই উত্থান পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যাবে। এসব যন্ত্রপাতির অধিকাংশই থাকে কম সুরক্ষিত এবং ব্যবহারকারী আক্রান্ত হলে সেটা শনাক্ত বা প্রতিকার করার কোনো ব্যবস্থা থাকে না। — স্কাইনিউজ অবলম্বনে মঈন চৌধুরী