রেলক্রসিংয়ের ব্যাপারে সতর্ক করবে গুগল ম্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের মানচিত্র ‘গুগল ম্যাপস’ এবার সড়কপথে এবং অন্য স্থানে থাকা রেলক্রসিং বিষয়ে আগাম সতর্কতা জানাবে। বিশেষ করে রেলক্রসিংয়ে নানা ধরনের দুর্ঘটনার বিষয়গুলো মাথায় রেখে এ সেবা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে গুগল। যুক্তরাষ্ট্রের দ্য ফেডারেল রেলরোড অ্যাডমিনিস্ট্রেশনের (এফআরএ) একটি উদ্যোগের অংশ হিসেবে গুগল রেলক্রসিং বিষয়ে চালকদের সতর্ক করার এমন উদ্যোগে কাজ করছে বলে জানা গেছে। এর ফলে প্রতিটি দেশের রেলক্রসিংগুলো গুগল ম্যাপে আলাদাভাবে দেখা যাবে। গুগল ম্যাপের অ্যাপ থেকে চালককে কথা ও ছবি দুই পদ্ধতিতে রেলক্রসিংয়ের ব্যাপারে সতর্ক করা হবে। তবে ঠিক কবে এ অ্যাপটি চালু হবে সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।
এক গবেষণায় দেখা গেছে, রেলক্রসিংয়ে ঘটা দুর্ঘটনার প্রায় ৯৪ শতাংশ ঘটে ড্রাইভারদের অমনোযোগ এবং ভুল তথ্যের কারণে। বেশির ভাগ ক্ষেত্রে দেখা গেছে, গাড়িচালক ট্রেন আসার ঠিক আগে আগে রেললাইন পার হয়ে অন্য পাশে যেতে বেশি উদগ্রীব থাকেন এবং তাতেই দুর্ঘটনা ঘটে। এ অ্যাপ তৈরির ক্ষেত্রে এফআরএ কর্তৃপক্ষ অ্যাপলের সঙ্গে যোগাযোগ করছে বলে জানা গেছে। তবে এখনো অ্যাপল বিষয়টি নিয়ে কিছু জানায়নি। তবে এর আগেই এফআরএ নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অ্যাপ তৈরির কাজ শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে এ কার্যক্রম সফলভাবে চালু করতে পারলে বিশ্বের বিভিন্ন দেশে এটি চালুর ব্যাপারেও ভাবা হচ্ছে বলে জানা গেছে।
দ্য নিউ ইয়র্ক টাইমস ও ম্যাশেবল অবলম্বনে কাজী আলম