রোবট যখন ফুটবলার

লিওনেল মেসি, নেইমার কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর অতিমানবীয় খেলা দেখে বলা হয়, ইনি যেন ‘ভিনগ্রহের খেলোয়াড়’! তবে একজন রক্ত-মাংসের খেলোয়াড়ের পক্ষে সব সময় ভিনগ্রহের ফুটবল খেলা সম্ভব হয় না। এ কারণে মেসি-নেইমার-রোনালদোও ভুল করেন, কখনো কখনো খারাপ খেলেন। কিন্তু ধরুন, এমন ফুটবলার এল বসুধায়, যার কোনো ভুল হয় না! যার প্রতিটি শট, পাস, হেড হয় শতভাগ নিখুঁত! এমনই খেলোয়াড় তৈরিতে নিরলস কাজ করছেন বিজ্ঞানীরা।
বিশ্বের বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণাগারে তৈরি হচ্ছে রোবট ফুটবলার। এ কাজে অনেকটা এগিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া, ফ্রান্সের সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হাউস, জার্মানির ইউনিভার্সিটি অব বন প্রভৃতি প্রতিষ্ঠান।
রোবট ফুটবলার তৈরির অগ্রগতি এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে। তবে রোবট ফুটবলকে মোটেও হাস্যকর কিংবা গেমস-জাতীয় ভাবা ঠিক হবে না, অন্তত সেটিই মনে করেন ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার রোবটিক ল্যাবের প্রধান ডেনিয়েল লি। বললেন, ‘রোবট সবকিছু হিসাব করে সম্ভাব্যতার (প্রবাবিলিটি) ওপর নির্ভর করে।’ এও জানালেন, ‘রোবটের কৃত্রিম বুদ্ধি ও জটিল আলগরিদম মানুষের অন্তর্দৃষ্টি, বোধ-চেতনা ও চলিষ্ণুতা বুঝতে সাহায্য করে। তবে রোবটকে চৌকস খেলোয়াড়ে পরিণত করতে আরও দুই দশক লেগে যাবে। তখন বিশ্বের সেরা দলের বিপক্ষেই খেলবে রোবট দল!’ প্রযুক্তির উৎকর্ষে হয়তো সত্যিই মেসি-রোনালদোর মতো রোবটও মাঠ কাঁপাবে! ঝানু-রোবটিক ফুটবলার তৈরি না হলেও এরই মধ্যে কিন্তু রোবটের ফুটবল বিশ্বকাপ চালু হয়ে গেছে! এ বিশ্বকাপকে বলা হচ্ছে, ‘ওয়ার্ল্ড কাপ অব সকার প্লেয়িং রোবট’!
কথা হলো, মানুষের ফুটবলে যে বিমল আনন্দ মেলে, রোবট ফুটবলে সেটি পাওয়া যাবে কি না। কোনো দল যদি শরীরনির্ভর কিংবা অতিরক্ষণাত্মক ফুটবল খেলে, তাদের বিরুদ্ধে ‘যান্ত্রিক খেলা’র অভিযোগ ওঠে। সে ক্ষেত্রে খাঁটি যান্ত্রিক ফুটবলার কীভাবে মানুষকে আনন্দ দেবে? লির যুক্তি—এখন নানা কাজেই রোবট ব্যবহৃত হচ্ছে, ফুটবলে কেন নয়? তবে তিনি এও মানেন, ‘সৃষ্টিশীলতার দিক দিয়ে মানুষ সব সময়ই এগিয়ে।’ রোবট মানুষেরই তৈরি। ফলে সে মানুষকে ছাড়িয়ে যেতে পারবে কি না—সে উত্তর পেতে অপেক্ষা করতে হবে বহুদিন।
তথ্যসূত্র: এএফপি, রয়টার্স।