রোবট হাত ব্যবহার করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোবট হাত এখন শরীরে সংযোজন করা যাবে
রোবট হাত এখন শরীরে সংযোজন করা যাবে

আনুষ্ঠানিকভাবে যান্ত্রিক বা রোবট হাত ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের চিকিৎসা কর্তৃপক্ষ। রোবট হাত মানুষের হাতের মতোই সব ধরনের কাজ করতে পারবে। হাত দিয়ে কিছু খাওয়া, পোশাক পরিধান, দরজা খোলা ও বন্ধ করা ইত্যাদি কাজ সহজেই করতে পারবে এই রোবট হাত। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিশেষ উদ্যোগে বিশেষ যান্ত্রিক এই হাত তৈরি করা হয়েছে। এর গবেষণা ও উন্নয়নে খরচ হয়েছে প্রায় চার কোটি ডলার৷ এ বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (ডিএআরপিএ)। এ গবেষণাটি ডিএআরপিএর ১০ কোটি ডলারের বিশেষ একটি প্রকল্পের অংশ। যেখানে যুদ্ধে আহত ব্যক্তি কিংবা দুর্ঘটনায় যাঁরা হাত হারিয়েছেন তাঁদের সাহায্য করবে। একই পদ্ধতিতে এ গবেষণায় কৃত্রিম রোবট হাতের পাশাপাশি পা তৈরিরও কাজ চলছে। নতুন এ হাতটির নকশা করেছে ডেন ক্যামেন।
কৃত্রিম হাত এবং পা তৈরি নিয়ে গবেষণার শুরুটা অনেক দিন আগের৷ দীর্ঘদিন ধরে চলতে থাকে গবেষণা। তবে এসব হাত কিংবা পা কতটা নিখুঁত করা যায়, সে বিষয়টিতে বেশি জোর দেওয়া হচ্ছিল। ডিএআরপিএর মুখপাত্র জাস্টিন সেন্সেজ জানান, ‘নিখুঁত এবং সত্যিকার হাতের মতোই যান্ত্রিক হাত তৈরি করার অন্যতম একটি উদ্দেশ্য ছিল, যাঁরা যুদ্ধে আহত হন কিংবা অন্য কোনো দুর্ঘটনায় হাত হারান তাঁদের সহায়তা করা। যাতে করে তিনি কখনো নিজেকে অসহায় না ভাবেন।’
গবেষণা চললেও এর স্বাস্থ্যগত দিক নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এ হাত মানুষের শরীরে ব্যবহারের ক্ষেত্রে কোনো স্বাস্থ্যগত সমস্যা হতে পারে কি না, সে বিষয়গুলো নিশ্চিত হয়ে অনুমোদন দিয়েছে সংস্থাটি। —বিবিসি