রোবটের উত্থানে নিরাপত্তা-ঝুঁকি!

চালকবিহীন গাড়ি থেকে শুরু করে পণ্য পরিবাহী ড্রোন ব্যবহারের মাধ্যমে রোবটপ্রযুক্তি আমাদের আধুনিক জীবনযাত্রায় বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে চলেছে। শিল্পকারখানায় রোবট ব্যবহারে হয়তো নিশ্চিত হবে সর্বোচ্চ উৎপাদনশীলতা। কিন্তু এতে করে যন্ত্রমানব যদি মাত্রাতিরিক্ত কর্তৃত্ব অর্জন করে, তাহলে ভেঙে পড়তে পারে নিরাপত্তাব্যবস্থা। তখন রোবটই হয়ে উঠতে পারে মানুষের শিল্পকারখানার নিরাপত্তার জন্য এক বড় হুমকি।
কারখানা ও পণ্যের গুদামে শ্রমিকদের পাশাপাশি ভারী কাজে সমর্থ রোবট ব্যবহারের প্রচলন ইতিমধ্যে শুরু হয়েছে। তারা ঝুঁকিপূর্ণ বিভিন্ন কাজে মানুষকে সহায়তা করবে। কিন্তু কারখানার নানা কাজে যন্ত্রমানবের এ রকম সহাবস্থান মানুষের বিপদের কারণ হতে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রে রোবট পরিচালনা ভুলের কারণে গত ৩০ বছরে মানুষের অন্তত ৩৩টি মৃত্যু ও আহত হওয়ার ঘটনার খবর পাওয়া যায়। দেশটির পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য প্রশাসন বিভাগ এ তথ্য জানিয়েছে। হতাহতের এই সংখ্যা কম মনে হতে পারে। কিন্তু এটি ইঙ্গিত দেয়, ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতি দেখা দিতে পারে। এ যুগের রোবটের মতো আগামী দিনের রোবট হয়তো এতটা মানবনিয়ন্ত্রিত থাকবে না। ফলে কর্তৃত্বপরায়ণ রোবট নিজে নিজে কাজ করতে গিয়ে অনেক বিধ্বংসী পরিস্থিতির জন্ম দিতে পারে।
এখন পর্যন্ত রোবটগুলোকে শুধু উৎপাদনের কাজে, বিশেষ করে মোটরগাড়ি উৎপাদন, ব্যবহার করা হচ্ছে। তাদের তৈরিই করা হয়েছে বিপজ্জনক, বিশ্রী ও নিস্তেজ বৈশিষ্ট্য সহযোগে। কারখানায় রোবট-সংশ্লিষ্ট অধিকাংশ দুর্ঘটনাই ঘটেছে মানুষের ভুলের কারণে। এসব ভুল হয়েছে রোবটগুলো পরিচালনায়। চালকবিহীন গাড়ির মতো রোবট যদি সম্পূর্ণ স্বনিয়ন্ত্রিত হয়, তাহলে সেটি কখনো কখনো অনেক বেশি মানুষের মৃত্যুর কারণ হতে পারে। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ল স্কুলের সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটির গবেষক ওয়াকার স্মিথ বলেন, যান্ত্রিক ত্রুটি ও মানুষের হাত থেকে নিয়ন্ত্রণ চলে যাওয়ার পরিণাম ভয়াবহ হতে পারে। সূত্র: নিউইয়র্ক টাইমস৷