রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টার চালু
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার দুযোর্গ ব্যবস্থাপনা ই-লার্নিং কেন্দ্র চালু করা হয়েছে। এ কেন্দ্রের সহায়তায় সব ধরনের দুর্যোগ ও দুর্যোগ মোকাবিলার সব তথ্য ইন্টারনেটে পাওয়া যাবে। এই কেন্দ্রের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মু. আবদুল জলিল মিয়া। গতকাল ই-লার্নিং কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হক, সিডিএমপির প্রকল্প পরিচালক আবদুল কাইয়ুম, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের আর এম হাফিজুর রহমান, প্রকল্পের লার্নিং ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ মাহমুদুল ইসলাম, তুহিন ওয়াদুদসহ অনেকে। প্রকল্প পরিচালক আবদুল কাইয়ুম বিশ্ববিদ্যালয়ে এ প্রকল্পের কার্যক্রমের সঙ্গে স্নাতক (সম্মান) শ্রেণীতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয় চালু করার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রম গুরুত্ব বহন করবে। —নিজস্ব প্রতিবেদক, রংপুর