রোগমুক্ত বিশ্ব দেখতে চান মার্ক-প্রিসিলা দম্পতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান
মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান গত বছর তাঁদের কন্যা ম্যাক্সের জন্মের পর ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার দাতব্য কাজে দান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই অর্থের একটি বড় অংশ নিয়ে কাজ শুরু করেছেন তাঁরা।
গত বুধবার রাতে যুক্তরাষ্ট্রে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা বলেন, এই শতাব্দীর মধ্যে রোগমুক্ত বিশ্ব দেখতে চান। সে লক্ষ্যে আগামী এক দশকে প্রায় ৩০০ কোটি ডলার বিনিয়োগ করবেন তাঁরা। তাঁদের এই অনুষ্ঠানটি ফেসবুক লাইভে ৬৩ হাজার মানুষ দেখে। এ অনুষ্ঠানটি করা হয়েছিল বায়োহাবের উদ্যোগে। বায়োহাব হচ্ছে চিকিৎসাবিজ্ঞান নিয়ে গবেষণার জন্য ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ।
চ্যান-জাকারবার্গের উদ্যোগ এরই মধ্যে বিভিন্ন বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষা খাতে বিনিয়োগ করলেও এবারই প্রথম চিকিৎসাবিজ্ঞানে বিনিয়োগের উদ্যোগ নেয়। প্রিসিলা চ্যানের ঘোষণা থেকেই বোঝা যায় যে তিনি স্বাস্থ্য খাতে খুবই আগ্রহী এবং শিশুরোগ বিষয়ে তাঁর ভালো প্রশিক্ষণও আছে। আর তাই এ খাতেই তিনি কাজ শুরু করতে চান। প্রিসিলা চ্যান এ সময় বলেন, ‘আমরা ম্যাক্সের প্রজন্মের প্রতিটি জীবনের উন্নতি চাই। কাউকেই আমরা বিনা চিকিৎসায় হারিয়ে যেতে দিতে চাই না। আমরা রোগ নিরাময়ের লক্ষ্যে বৈজ্ঞানিক গবেষণায় বিনিয়োগ করব।’
তাঁদের প্রতিষ্ঠানের এই রোগ নিরাময়ের পরিকল্পনাটি যথাযথভাবে কাজে এলে মানুষের আয়ু শত বছর হতে পারে বলে উল্লেখ করেন মার্ক জাকারবার্গ। তার মানে এই না যে কেউ কখনো অসুস্থ হবে না। তবে রোগের বিরুদ্ধে লড়তে পারবে এবং রোগ প্রতিরোধ করতে পারবে।
মাইক্রোসফট সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডা গেটসও স্বাস্থ্য খাতে প্রচুর অর্থ বিনিয়োগ করেছেন। ২০১৪ সালে তাঁরা এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়তে ১ হাজার ২০০ কোটি ডলার বিনিয়োগ করেন। জাকারবার্গ দম্পতিও তাঁদের পদাঙ্ক অনুসরণ করছেন। গোটা বিশ্বের মানুষের জন্য যা হয়তো আনন্দের খবর বয়ে আনতে পারবে।

অনামিকা মণ্ডল, সূত্র: নিউইয়র্ক টাইমস