রোগীকে পর্যবেক্ষণ করবে ইলেক্ট্রনিক ট্যাটু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুলের মতো পাতলা একটি ইলেকট্রনিক যন্ত্রের উদ্ভাবন করেছেন গবেষকেরা, যা ভবিষ্যতে রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার পাশাপাশি তা রেকর্ড করবে। এপিডারমাল ইলেকট্রনিক সিস্টেম (ইইএস) নামে ইলেকট্রনিক এ যন্ত্রটি লাগানো থাকবে রোগীর দেহে। দেখাবে ট্যাটুর মতো। শরীরে এটি লাগাতে টেপ বা আঠার প্রয়োজন পড়বে না। শরীরের ওপর পানি ছিটিয়ে এটি স্থাপন করা যাবে। টান দিলেই আবার উঠে আসবে যন্ত্রটি। মানুষের ত্বকের মতোই এটি নরম। যুক্তরাষ্ট্র, চীন ও সিঙ্গাপুরের গবেষকেরা এটি উদ্ভাবন করেছেন। গবেষকেরা বলেছেন, এই ইলেকট্রনিক ট্যাটু মস্তিষ্ক, হূৎপিণ্ড ও মাংসপেশির কোষের কার্যক্রম পর্যবেক্ষণ করবে। বর্তমানে এসব পরীক্ষা-নিরীক্ষার জন্য ভারী যেসব যন্ত্রপাতির প্রয়োজন হয়, ভবিষ্যতে তার আর প্রয়োজন হবে না। গবেষকদের একজন যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের ম্যাটারিয়াল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক জন রজার্স বলেছেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে একটি ইলেকট্রনিক প্রযুক্তি উদ্ভাবন করা, যা রোগীর দেহে স্থাপন করা হবে; কিন্তু রোগী টের পাবে না।’ তিনি বলেন, এই যন্ত্র দিয়ে যে কারও ওপর নজরদারিও করা যাবে। আইনপ্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থাগুলোও ইচ্ছা করলে তাদের কাজে এই যন্ত্র ব্যবহার করবে পারবে। মা-বাবারা তাঁদের সন্তানদের ওপর নজর রাখতে চাইলেও এই ইইএস ব্যবহার করতে পারবেন। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান